আগেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায়ে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ মানেনি। রাজ্যের আর্থিক সংকটের কারণ দেখিয়ে সেই টাকা তখন দেয়নি রাজ্য। তাই সুপ্রিম কোর্ট এদিন রায় ঘোষণার সময়ে কোনও ফাঁক রাখেনি।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 February 2026 11:14
দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের ভোটের আগে আজ রাজ্য বাজেট ঘোষণা। তার ঠিক আগে বকেয়া ডিএ (DA) তথা মহার্ঘ ভাতা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিল, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মার্চ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। শুধু তা নয়, ৬ মার্চের মধ্যে ২৫ শতাংশের প্রথম কিস্তি মেটাতে হবে এবং আগামী মে মাসের মধ্যে বকেয়া ডিএ-র সবটা মিটিয়ে দিতে হবে।
সন্দেহ নেই এই সর্বোচ্চ আদালতের এই রায় ঐতিহাসিক। কারণ, সর্বোচ্চ আদালত পরিষ্কার করে জানিয়েছে উপভোক্তা মূল্য সূচক অনুযায়ী (AICPI) ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার। তাই সেই অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না।
এর আগে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায়ে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ মানেনি সরকার। রাজ্যের আর্থিক সংকটের কারণ দেখিয়ে সেই টাকা তখন দেয়নি রাজ্য। তাই সুপ্রিম কোর্ট এদিন রায় ঘোষণার সময়ে কোনও ফাঁক রাখেনি। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তাঁদের নির্দেশে জানিয়ে দিয়েছেন, বকেয়া ডিএ রাজ্য সরকার সময়বদ্ধ ভাবে মেটাচ্ছে কিনা দেখার জন্য একটা কমিটি গড়ে দেওয়া হচ্ছে।
সেই কমিটিতে থাকছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ত্রিলোক সিং চৌহান, বিচারপচি গৌতম মাধুরী এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটরস জেনারেল বা তাঁর দফতরের কোনও উচ্চ পদস্থ কর্তা।
সুপ্রিম কোর্ট এদিন রায়ে জানিয়েছে, ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যে বকেয়া ডিএ রয়েছে তা তিন মাসের মধ্যে মেটাতে হবে। সেটার ডিসবার্সমেন্ট আদালত গঠিত কমিটি শুধু স্থির করবে না তার বাস্তবায়ণের উপরও নজর রাখবে।
সুপ্রিম কোর্টের এই রায় রাজ্য সরকার মেনে নেবে নাকি ভোটের মুখে রিভিউ পিটিশন দাখিল করার ঝুঁকি নেবে তা এখনও জানা যায়নি। তবে এ নিয়ে সন্দেহ নেই, ছাব্বিশের ভোটের আগে বৃহস্পতিবারের ভোট অন অ্যাকাউন্টে যখন আরও এক প্রস্ত খয়রাতি প্রকল্প ঘোষণার প্রস্তুতি সম্পন্ন বলে জল্পনা রয়েছে, তার আগে এটা বড় ধাক্কা।
কর্মচারী সংগঠনের অনেকের মতে, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বাবদ রাজ্য সরকারের খরচ হতে পারে চল্লিশ হাজার কোটিরও কিছু বেশি টাকা। তার ২৫ শতাংশ মানে ১০ হাজার কোটির কিছু বেশি টাকা।
তবে সুপ্রিম কোর্টের মাইলফলক রায়ের পরেও কর্মচারীরা কিন্তু নিশ্চিত নন। অনেকের মতে, রাজ্য সরকার এর পরেও নানা টালবাহানা ও অছিলা দেখিয়ে দেরি করতে পারে। কারণ, রাজ্য সরকারের কোনও সদিচ্ছাই নেই বকেয়া টাকা দেওয়ার। ফলে যতক্ষণ না হাতে টাকা আসছে ততক্ষণ আন্দোলন চলবে।