রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে দলকে আরও সুসংবদ্ধ করার ওপর জোর দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব।

ফাইল ছবি।
শেষ আপডেট: 18 September 2025 20:00
দ্য ওয়াল ব্যুরো: ভোটের ঢাকে কাঠি পড়তে এখনও কয়েক মাস বাকি। তার আগেই বঙ্গ বিজেপিতে (West Bengal BJP) চড়ছে পারদ।
বুধবার রাত থেকে সল্টলেকের (Salt Lake) এক পাঁচতারা হোটেলে টানা ম্যারাথন বৈঠকে বসেছেন রাজ্য ও কেন্দ্রের শীর্ষ বিজেপি নেতৃত্ব। বৈঠকের মূল কারিগর বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ (BL Santosh)।
সূত্রের খবর, কখনও ব্যক্তিগতভাবে, আবার কখনও দলগতভাবে— রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে নানা পর্যায়ের বৈঠক করেছেন তিনি। বৃহস্পতিবার সকালেও একের পর এক বৈঠক চলে ওই হোটেলে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে দলকে আরও সুসংবদ্ধ করার ওপর জোর দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব।
বৈঠকে বিএল সন্তোষ ছাড়াও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। শুধু বিজেপি নয়, আরএসএস ও তাদের সহযোগী শাখা সংগঠনগুলির একাধিক নেতা যেমন জলধর মাহাতো, শচীন্দ্রনাথ সিনহা, রমাপদ পাল, জিষ্ণু বসু, প্রদীপ জোশীরাও ছিলেন বৈঠকে।
বিশেষজ্ঞদের মতে, বিধানসভা ভোটের আগে রাজ্য সংগঠনকে চাঙ্গা করাই এই টানা বৈঠকের উদ্দেশ্য। অন্যদিকে, এ মাসেই রাজস্থানের যোধপুরে সংঘ পরিবারের তিনদিনের বৈঠকে উঠে এসেছিল পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়টি। সেই বৈঠকে সংঘের অন্যতম কর্মকর্তা সুনীল অম্বেরকর সাফ জানান, “বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব এপার বাংলায়ও পড়েছে। অনুপ্রবেশ ও তার জেরে হিংসা বাড়ছে। এর ফলে হিন্দুদের নিরাপত্তা বিপন্ন হচ্ছে।”
সব মিলিয়ে, বিজেপি ও সংঘ পরিবার যে এবার বাংলা নিয়ে বাড়তি মনোযোগী, তা পরিষ্কার। এখন দেখার, এই বৈঠকের রূপরেখা রাজনীতির মাঠে কতটা বদল আনতে পারে।