শুধু রাজ্য নয়, আদালতের ক্ষোভের আঁচ গিয়েছে NIA-র দিকেও। বিচারপতি বলেন, “NIA চাইলে আগেই তদন্তভার গ্রহণ করতে পারত, কোনও বাধা ছিল না। রাজ্যের তদন্তে ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠছে, আবার কেন্দ্রীয় সংস্থাও এগিয়ে আসছে না।”

ফাইল ছবি।
শেষ আপডেট: 18 September 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Shamserganj Case) ঘটে যাওয়া অশান্তির ঘটনার জেরে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসন পাননি—এমনই বিস্ফোরক অভিযোগ উঠতেই ক্ষুব্ধ হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এই বিষয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA—উভয়ের ভূমিকাতেই প্রশ্ন তুলে দেন।
বিচারপতির সাফ বক্তব্য, “দুর্গাপুজোর আগেও এদের পুনর্বাসন দেওয়া গেল না?” আদালতের রায়ের তিরে স্পষ্ট অসন্তোষ, বিশেষ করে সামসেরগঞ্জের ক্ষতিগ্রস্তরা এখনও ঘরবাড়িহীন, অথচ প্রশাসনের নীরবতা ভেদ করে কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।
শুধু রাজ্য নয়, আদালতের ক্ষোভের আঁচ গিয়েছে NIA-র দিকেও। বিচারপতি বলেন, “NIA চাইলে আগেই তদন্তভার গ্রহণ করতে পারত, কোনও বাধা ছিল না। রাজ্যের তদন্তে ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠছে, আবার কেন্দ্রীয় সংস্থাও এগিয়ে আসছে না।”
আদালতের পর্যবেক্ষণ, একদিকে অভিযোগ উঠছে NIA-র সাহায্য চাওয়া হয়নি, অপরদিকে সংস্থাও স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নামেনি—এ নিয়ে প্রশাসনিক দায় এড়ানো চলবে না।
এই মামলায় রাজ্যের তরফে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ২০ নভেম্বর।
সব মিলিয়ে, রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘দায়িত্বজ্ঞানহীন’ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতির মন্তব্যে স্পষ্ট—আইনি জবাবদিহি থেকে কেউই ছাড় পাবেন না। এখন দেখার, আদালতের কড়া অবস্থানের পর তদন্ত ও পুনর্বাসনের গতি কতটা বাড়ে।