কেউ বেলছেন রুটি, কেউ ঘুঁটে শুঁকোচ্ছেন, কেউ আবার ভোটারের হেঁসেলে ঢুকে খুন্তিটুকুও নেড়ে দিচ্ছেন, এবারের ভোটের (West Bengal Assembly Election 2026) প্রচার পর্বের (election campaign) শুরু থেকেই প্রার্থীদের জনসংযোগের 'কৌশল' আলোচনায়।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 25 March 2026 21:28
দ্য ওয়াল ব্যুরো: কেউ বেলছেন রুটি, কেউ ঘুঁটে শুঁকোচ্ছেন, কেউ আবার ভোটারের হেঁসেলে ঢুকে খুন্তিটুকুও নেড়ে দিচ্ছেন, এবারের ভোটের (West Bengal Assembly Election 2026) প্রচার পর্বের (election campaign) শুরু থেকেই প্রার্থীদের জনসংযোগের 'কৌশল' আলোচনায়। সেই তালিকায় জুড়ল আরও এক অভিনব প্রচার। কেশিয়াড়ির (Keshiyari) তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি, গাড়ি বা মিছিল নয়, সকাল সকাল জগিং কস্টিউম পরে প্রায় ১৩ কিলোমিটার দৌড়ে পৌঁছে গেলেন দাঁতনের ঘোলাই মাঠে, যে সভার প্রধান বক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর পিছনে ছুটল বাইক-বহর, দলে দলে কর্মী-সমর্থক।
বুধবার সকালে দাঁতন ১ নম্বর ব্লকের মনোহরপুর থেকে ঠিক ৭টা নাগাদ দৌড় শুরু করেন বছর ৫৫-এর রামজীবন মান্ডি। পেশায় শিক্ষক, দীর্ঘদিন খেলাধুলোর সঙ্গে যুক্ত তিনি। গত মাসেই একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেই অভিজ্ঞতাকেই এবার প্রচারের হাতিয়ার করলেন প্রার্থী (TMC Candidate)। তাঁরই কথায়, সকাল সকাল শরীরচর্চাও হল, আবার জাতীয় সড়ক ধরে দৌড়তে দৌড়তে মানুষের সঙ্গে দেখা-আলোচনাও হল।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) তৃণমূল কেশিয়াড়িতে দু’বারের জয়ী বিধায়ক পরেশ মুর্মুকে (Paresh Murmu) সরিয়ে রামজীবন মান্ডিকে প্রার্থী করেছে। তাঁর এই ‘ফিটনেস-প্রচার’ শেষ পর্যন্ত ভোটের ময়দানেও কতটা ছাপ ফেলতে পারে, সেটাই এখন জেলাজুড়ে আলোচনার বিষয়। একই দিনে এই কেন্দ্রে কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতা ও বিজেপির নন্দীগ্রাম প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোলপুকুরে কর্মিসভা অভিষেকের, আর কাছেই রেয়াপাড়ায় সভা শুভেন্দুর (Suvendu Adhikari)।
এই প্রচারের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্প্রতি চেতলার কর্মিসভায় তৃণমূলকে ৬০ হাজার ভোটের ব্যবধানে জয়ী করার লক্ষ্য ঠিক করেছেন। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি।

রাজ্যের নানা প্রান্তে দলীয় প্রার্থীদের জনসংযোগেও দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন কায়দা। বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জন ধাড়া প্রচারে বেরিয়ে মাঝে মাঝেই চুলোর সামনে বসে রান্না করছেন, এমন দৃশ্য ভাইরাল হয়েছে। আরামবাগের প্রার্থী মিতা বাগ কখনও ঘুঁটে শুঁকোতে সাহায্য করছেন, কেউ আবার ভোটারকে কোলে তুলে নাচছেন। তাঁদের দাবি, একটাই উদ্দেশ্য, মানুষের পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া।
সব মিলিয়ে নির্বাচনী উত্তাপ যত বাড়ছে, ততই ভোট-মাঠে বাড়ছে অভিনব প্রচারের ঝলক। কোথাও দৌড়ে সভা, কোথাও রান্নায় হাত, কোথাও আবার নাচ বা খেলায় যোগ- সব দলের প্রার্থীরাই এখন মানুষের সঙ্গে সংযোগ গড়তেই নতুন নতুন পথ খুঁজছেন।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু'দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা আগামী ৪ মে।