২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে বৈঠক লিয়েন্ডার পেজের। তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা তুঙ্গে, রাজনৈতিক মহলে শুরু জোর আলোচনা।

লিয়েন্ডার পেজ
শেষ আপডেট: 24 March 2026 22:28
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্য রাজনীতিতে বড়সড় নক্ষত্রপতনের ইঙ্গিত। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য তথা টেনিস জগতের প্রবীণ তারকা লিয়েন্ডার পেজ এবার বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। আজ নিউ টাউনের একটি হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে লিয়েন্ডারের একান্ত বৈঠক এই জল্পনায় ঘি ঢেলেছে।
নিউ টাউনের হোটেলে গোপন বৈঠক
সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বর্তমানে কলকাতার একটি হোটেলে রয়েছেন। আজ সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে যান অলিম্পিয়ান লিয়েন্ডার পেজ। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক চলে। রাজ্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে এই আলোচনা হওয়ায় রাজনৈতিক মহলের ধারণা, লিয়েন্ডারের বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা। বিজেপি সূত্রের দাবি, প্রাথমিক কথাবার্তা ইতিবাচক হয়েছে এবং দুই পক্ষের মধ্যেই সমঝোতার পরিবেশ তৈরি হয়েছে।
তৃণমূল ছেড়ে এবার গেরুয়া পথে?
লিয়েন্ডার পেজের এই সম্ভাব্য দলবদল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, ২০২১ সালের ২৯শে অক্টোবর গোয়া বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পানাজিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময় ঘাসফুল শিবিরের হয়ে প্রচারের ময়দানেও দেখা গিয়েছিল তাঁকে। তবে সাম্প্রতিককালে লিয়েন্ডারকে তৃণমূলের কর্মসূচিতে সেভাবে দেখা যাচ্ছিল না। এবার সরাসরি বিজেপির কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করায় তাঁর রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত স্পষ্ট।
কেন লিয়েন্ডারকে চায় বিজেপি?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার বিধানসভা নির্বাচনের আগে একজন বিশ্বখ্যাত বাঙালি ক্রীড়াবিদকে দলে টেনে চমক দিতে চাইছে বিজেপি। লিয়েন্ডার পেজের মতো ব্যক্তিত্বকে সামনে রেখে শিক্ষিত ও ক্রীড়াপ্রেমী ভোটারদের কাছে পৌঁছানো অনেক সহজ হবে বলে মনে করছে গেরুয়া শিবির। বিশেষ করে অলিম্পিক পদকজয়ী তারকার ইমেজকে নির্বাচনের প্রচারে বড় হাতিয়ার করতে চাইছে তারা।
যদিও লিয়েন্ডার পেজ বা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিজেপি সূত্রের খবর, লিয়েন্ডারের যোগদানের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। রাজ্যের আসন্ন হাই-ভোল্টেজ নির্বাচনের আগে এই ‘মাস্টারস্ট্রোক’ বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।