হঠাৎ আবহাওয়ায় এই বদল কেন?

ফাইল ছবি।
শেষ আপডেট: 31 May 2025 10:04
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের দুই প্রান্তে দুই চিত্র (Weather Update)। গত কয়েকদিন বৃষ্টিপাতের পর শুক্রবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি হতে শুরু করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আর বিপরীত চিত্র উত্তরবঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে,কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। যে কারণে সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়বে।বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
অন্যদিকে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ পাঁচ জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।
হঠাৎ আবহাওয়ায় এই বদল কেন? হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ বাংলাদেশে ঢুকে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকায়। এটি আরও শক্তি হারিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়বে। এর কিছুটা প্রভাব উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গে আর কোনও প্রভাব নেই।
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। আগামী ৩-৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। যদিও এই পরিস্থিতিও বেশিদিন স্থায়ী হবে না। আগামী সপ্তাহ থেকেই তার পরিবর্তন ঘটবে।
শুক্রবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৫.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪২ থেকে ৯৩ শতাংশের মধ্যে থাকতে পারে।