
ফাইল ছবি।
শেষ আপডেট: 21 December 2024 09:04
দ্য ওয়াল ব্যুরো: জাঁকিয়ে ঠান্ডার পরিবর্তে বৃষ্টি! আলিপুরের পূর্বাভাস সত্যি করে শুক্রবার রাত থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শনিবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও তথৈবচ হাল। শুধু বৃষ্টি নয়, পরিবর্তিত পরিস্থিতিতে উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছে অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরেই বাংলায় অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
হালকা বৃষ্টির আভাস মিলেছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলায়। উত্তরবঙ্গের একাধিক জেলায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দুই বঙ্গের বেশিরভাগ জেলায় কুয়াশার দাপট এবং দৃশ্যমানতার অভাব থাকবে। এদিকে গত বুধবার থেকেই জাঁকিয়ে ঠাণ্ডার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। আলিপুর জানিয়েছে, রবিবারও উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের সব জেলার রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। সোমবার থেকে হওয়ার বদল ঘটতে পারে।
তবে একটাই স্বস্তির খবর, বড়দিনা বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলে জানিয়েছে আলিপুর। জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা কমে ২২ ডিগ্রি হতে পারে।
আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ২১ থেকে ২৩ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। ২৪ ডিসেম্বর তা ১৫ ডিগ্রিতে নেমে আসতে পারে, এবং ২৫ ডিসেম্বর তা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।