আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে টানা কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 9 September 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর (Durga Puja) আগে বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। মঙ্গলবার জানা গেল, রাজ্যে (West Bengal) ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে টানা কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।
উত্তরবঙ্গ
মঙ্গলবার থেকেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
বুধবার আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি, বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার একইভাবে পাঁচ জেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার) প্রবল বৃষ্টির আশঙ্কা।
শুক্রবার থেকে রবিবার পর্যন্তও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে। ফলে ধস ও জল জমার আশঙ্কা রয়েছে পাহাড়ি ও সমতল এলাকায়।
দক্ষিণবঙ্গ
মঙ্গলবার বৃষ্টি কার্যত নামমাত্র। দিনের তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তি বাড়বে।
বুধবার থেকে দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই ২৪ পরগনায় বজ্রঝড় ও মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টি কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ফের বাড়বে।
কলকাতা
আজ সকাল থেকেই অস্বস্তিকর গরম। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি, গতকাল সর্বোচ্চ ছিল ৩৪ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টির দমক না থাকলে দিনের বেলায় অস্বস্তি আরও বাড়বে।
সিস্টেম
বর্তমানে একটি অতিগভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও কচ্ছ এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা কচ্ছ, রাজস্থান, উদয়পুর, শিবপুরী, রাঁচি হয়ে দিঘা পর্যন্ত বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মিলেছে।
ভিনরাজ্য
সিকিম ও সমগ্র উত্তর-পূর্ব ভারতে (অরুণাচল, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা) ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল ও কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলেও প্রবল বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম ভারতে সৌরাষ্ট্র, কচ্ছ ও রাজস্থান, আর পূর্ব ভারতে ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।