আকাশ মেঘলা থাকবে, ঝড়বৃষ্টি হবে- তবুও গরম কমবে না। বরং আগামী ৪-৫ দিনে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া কিছুদিন স্থায়ীই থাকবে।
.jpg.webp)
আবহাওয়ার পূর্বাভাস
শেষ আপডেট: 24 March 2026 09:05
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে (Weather Update of Bengal)। আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছে যে সপ্তাহের শেষ দিকে ফের এক দফা বৃষ্টি নামতে পারে দক্ষিণের জেলাগুলিতে (Rain Forecast)। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকলেও শুক্রবার থেকে বদল আসবে বলে পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় টানা তিন দিন- শুক্র, শনি ও রবিবার, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া।
কলকাতায় কী হতে পারে?
শুক্রবার থেকেই কলকাতায় (Kolkata Weather Today) শুরু হতে পারে বৃষ্টি। ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। শনিবার ও রবিবার সেই দাপট আরও বাড়বে। ওই দু’দিন ঝড়ের গতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারে পৌঁছতে পারে। দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়ার (Weather Forecast) পর ফের বৃষ্টি নামলেও গরম থেকে তেমন স্বস্তি মিলবে না। বরং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে কোথায় কত বৃষ্টির সম্ভাবনা?
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই একই ধরনের পরিস্থিতি দেখা যেতে পারে। হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় শুক্রবার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের মধ্যেই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব-পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা বেশি
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে (North Bengal Weather) পরিস্থিতি আরও চিন্তার। হাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিনে উত্তরের একাধিক জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি আরও জোরালো আকার নিতে পারে। ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে সতর্কতা জারি হয়েছে।
গরমও বাড়বে!
আকাশ মেঘলা থাকবে, ঝড়বৃষ্টি হবে- তবুও গরম কমবে না। বরং আগামী ৪-৫ দিনে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া কিছুদিন স্থায়ীই থাকবে।
কেন এই ঝড়বৃষ্টি?
হাওয়া অফিস জানিয়েছে, একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা সক্রিয় হওয়ার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। সেই কারণে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি বাতাসের দিক পাল্টানোর ফলে নিম্নচাপ সৃষ্টির প্রবণতাও বেড়েছে, যা অঞ্চলজুড়ে আর্দ্রতা বাড়াচ্ছে।
বলা যায়, দক্ষিণ ও উত্তর- দুই বঙ্গেই কয়েক দিন ঝড়বৃষ্টি এবং গরমের যুগলবন্দী চলবে। তাই সতর্ক থাকা এবং আবহাওয়ার নিয়মিত আপডেট নজরে রাখা জরুরি।