কলকাতায় (Kolkata Weather) আংশিক মেঘলা আকাশ থাকবে, কখনও পুরোপুরি মেঘে ঢাকা পড়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, ফলে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
.jpg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 16 June 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র ব্যাপকভাবে উত্তাল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update of Bengal)। ঘূর্ণাবর্তর কারণে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ও বুধবার- দুই দিন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের (Fisherman) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এছাড়াও মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও ছত্তিশগড়ের কিছু অংশে বর্ষা অগ্রসর হবে এবং পরবর্তী দুই-তিন দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও গুজরাটের আরও কিছু অংশে এর প্রভাব বিস্তার করবে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Forecast)। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার ফের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কম-বেশি বৃষ্টি গোটা সপ্তাহ ধরে চলছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।
কলকাতায় (Kolkata Weather) আংশিক মেঘলা আকাশ থাকবে, কখনও পুরোপুরি মেঘে ঢাকা পড়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, ফলে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে দমকা হাওয়া।
উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বিশেষত আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হতে পারে।
ভারতের পশ্চিম ও দক্ষিণ-পূর্ব অঞ্চলেও বর্ষা (Monsoon Update) প্রবলভাবে সক্রিয়। কর্নাটক, কঙ্কণ, গোয়া, কেরল, মাহে, মধ্য মহারাষ্ট্র, গুজরাট ও ছত্তীসগড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতেও প্রবল বর্ষণের সম্ভাবনা। ওড়িশা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকাল এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।