দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের তীব্রতা বেশি। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 8 December 2025 10:20
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ স্পষ্ট টের পেয়েছে মানুষ (Winter in Bengal)। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবারের পর থেকে শীতের তীব্রতা আরও বাড়বে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দিনের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে (Weather Forecast), পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে।
দক্ষিণবঙ্গ ও কলকাতা
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের তীব্রতা বেশি। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা দেখা গেছে, তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। দিনের বেলায় শীতের অনুভূতি থাকবে, বাতাস শুষ্ক থাকবে (South Bengal Weather) আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৮৯ শতাংশের মধ্যে থাকবে। আগামী সাতদিন তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রির মধ্যেই থাকবে, আপাতত বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে কয়েকদিন (North Bengal Weather)। পার্বত্য এলাকা ও উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে, বিশেষত পাহাড়ি এলাকায় কিছু জায়গায় ২০০ থেকে ৯০০ মিটার পর্যন্ত কমে যেতে পারে। উত্তরের উপরের জেলাগুলিতে (জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং) তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি।
সিস্টেম ও বায়ুমণ্ডল
পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা চলছে। এছাড়া উত্তর ভারতে ওয়েস্টার্লি জেট স্ট্রীম সক্রিয়।
অন্যান্য রাজ্যের আবহাওয়া
ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, ওড়িশায় শৈত্য প্রবাহের প্রভাব রয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরায় কুয়াশা থাকবে। ওড়িশাতেও রাত ও ভোরে ঘন কুয়াশা দেখা যাবে।