উত্তরবঙ্গে আজ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে আজ রাতের দিকে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 January 2026 18:51
দ্য ওয়াল ব্যুরো: শীতের দাপট আরও বাড়তে চলেছে রাজ্যের নানা জেলায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- সব জায়গাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা নীচে নেমে গেছে (Weather Update of Bengal)। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন এই ঠান্ডার দাপট আরও বজায় থাকবে (Cold Weather in Bengal)। দিনের বেশি সময়ই থাকবে শীতের জমাট অনুভূতি, সঙ্গে কুয়াশাচ্ছন্ন আকাশ। উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গে (North Bengal Weather) মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এসব এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে সকাল-বিকেলে ঠান্ডার অনুভূতি হবে আরও তীব্র। দিনের বেলা রোদ উঠলেও শীত কাটবে না খুব একটা।
দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) পরিস্থিতি আলাদা নয়। বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস নীচে থাকার পূর্বাভাস। এই জেলাগুলিতে শীতের প্রভাব আরও অনুভূত হবে দিনের বেশিরভাগ সময় জুড়ে। রাস্তাঘাটেও থাকবে হালকা কুয়াশার প্রভাব।
উত্তরবঙ্গে কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে আজই রাতের দিকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু অঞ্চলে তুষারপাতেরও (Snowfall) সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মতো এলাকা বরফে ঢেকে যেতে পারে। ফলে পর্যটকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে গিয়ে ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। ফলে যান চলাচলে সমস্যা হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও মুর্শিদাবাদ ও নদিয়াতে ঘন কুয়াশার সতর্কর্তা রয়েছে।
ইতিমধ্যেই আগের তুলনায় রাতের তাপমাত্রা নেমে গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বিভিন্ন জেলায়। তবে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। শীতের এই পর্ব চলবে আরও পাঁচ থেকে সাত দিন।
সব মিলিয়ে রাজ্যের নানা প্রান্তে শীতের প্রভাব এখন সবচেয়ে তীব্র পর্যায়ে। তাই বাইরে বেরোলে গরম পোশাক ও বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।