উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। লাগাতার বেশি কয়েক সপ্তাহ ধরেই এই পরিস্থিতি। দক্ষিণে মাঝে কয়েকদিন স্বস্তি মিললেও এখন বৃষ্টি গায়েব।

ফাইল ছবি
শেষ আপডেট: 3 June 2025 10:59
দ্য ওয়াল ব্যুরো: হাঁসফাঁস গরমে (Hot Weather) নাজেহাল অবস্থা হচ্ছে। ট্রেনে, বাসে, অটোতে যেখানেই উঠুন না কেন, আলোচনার বিষয় একটাই - আবার কবে বৃষ্টি (Rain) হবে! রোজকারের কাজ তো সাধারণ মানুষ দায়ে পড়ে করে নিচ্ছে। কিন্তু প্রবল দাবদাহে কার্যত জীবন অতিষ্ট হওয়ার জোগাড়। প্রতিদিনই সকালে উঠে সব খবর বাদ দিয়ে অনেকেই আবহাওয়া খবর (Weather News) দেখছে। এই বুঝি সুখবর এল। কিন্তু আপাতত 'দিল্লি বহু দূর...'
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। লাগাতার বেশি কয়েক সপ্তাহ ধরেই এই পরিস্থিতি। দক্ষিণে মাঝে কয়েকদিন স্বস্তি মিললেও এখন বৃষ্টি গায়েব। আর আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে, ১০ জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। তার আগে অন্তত মাটি ভিজবে না। যদিও ১০ জুনের পর ভরা বর্ষার বৃষ্টি হবে, এমনও বলছে না হাওয়া অফিস।
এই মুহূর্তে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের ওপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। পাকিস্তান সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর, লাদাখ সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এদিকে, পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এটি বিহার, উত্তরবঙ্গ, সিকিম ও অসমের অংশ দিয়ে বিস্তৃত। আরও একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার ওপরে। এই পরিস্থিতির জেরেই বঙ্গের আবহাওয়ার ধরন এমন।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তীব্র অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আভাস দিলেও হাওয়া অফিস ভারী বৃষ্টির কোনও সম্ভাবনার কথাই বলেনি।
কলকাতায় ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থাই থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। বেশিরভাগ সময়ে মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই এমনটা হবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯১ শতাংশ।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে চলতি সপ্তাহে। তবে সেই আবহাওয়ার কোনও প্রভাব দক্ষিণে পড়বে না।