দুপুর ১১টা থেকে ৩টে তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এটাই এই বছরের এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। এমন পরিস্থিতি চলবে আর ৪৮ ঘণ্টা, অর্থাৎ বুধবার পর্যন্ত। তারপর থেকে পরিস্থিতির বদল ঘটবে।

সময়ের আগেই আসছে বর্ষা।
শেষ আপডেট: 12 May 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেল ৫টা। শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ৩৭ ডিগ্রি! বাস্তবে যা অনুভূত হচ্ছে ৩৯ ডিগ্রির (Weather Update) আশেপাশে।
দুপুর ১১টা থেকে ৩টে তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এটাই এই বছরের এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। এমন পরিস্থিতি চলবে আর ৪৮ ঘণ্টা, অর্থাৎ বুধবার পর্যন্ত। তারপর থেকে পরিস্থিতির বদল ঘটবে।
তবে জ্বালাপোড়া গরমে স্যান্ডউইচ আর বেশি দিন হতে হবে না। কারণ, আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, এবারে সময়ের অন্তত ৯ দিন আগে প্রবেশ করবে বর্ষা। মৌসম ভবন থেকে জানানো হয়েছে, সাধারণত ১৮ থেকে ২১ মে'র মধ্যে বর্ষা প্রবেশ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এবারে সেখানে সময়ের ৯দিন আগে থেকেই খেলা শুরু হবে বৃষ্টির। একইভাবে বৃহস্পতিবার থেকে বাংলাতেও শুরু হয়ে যেতে পারে বর্ষার ইনিংস।
হাওয়া অফিস সূত্রের খবর, সোমবার বিকেলের পর থেকে কলকাতা-সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবারের আগে গরম কমার বিশেষ সম্ভাবনা নেই। বরং এই কদিন কলকাতা থেকে জেলা, সর্বত্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের ৬টি জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। জেলাগুলি হল-পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম।
বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলায়। এগুলি হল- উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।
একইভাবে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুর জেলাতে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।