বৃষ্টির পরিমাণ আরও বাড়লে পাহাড়ি জেলা ও দক্ষিণবঙ্গের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা যাতে সতর্ক থাকেন সেই পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 July 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ফের সক্রিয় হতে চলেছে বর্ষা (Rainfall)। উত্তর ছত্তীসগড়ে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি হারিয়েছে। তবে মৌসুমী অক্ষরেখা এখন দীঘার পূর্ব দিক ঘেঁষে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী রবিবার থেকে এই মৌসুমী অক্ষরেখা আরও সক্রিয় হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও রবিবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
শনিবার: মূলত আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্ত। তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
রবিবার: বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাড়বে। দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা।
সোমবার: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
মঙ্গলবার: দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
বুধবার-বৃহস্পতিবার: দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
শুক্রবার-শনিবার: বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
রবিবার থেকে বুধবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় টানা ভারী বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। নিচু এলাকাগুলিতে জল জমে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।
বৃষ্টির পরিমাণ আরও বাড়লে পাহাড়ি জেলা ও দক্ষিণবঙ্গের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা যাতে সতর্ক থাকেন সেই পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনগুলিকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।