বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 May 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে বর্ষা (Rainy Season)! গোটা রাজ্যজুড়েই আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে এবং তা চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। এমনিতে এবার বর্ষা (Rain Forecast) কিছুটা আগেই ঢুকে গেছে কেরলে। তার জেরেই বর্তমানে রাজ্যের (West Bengal) এমন পরিস্থিতি।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। আগামী তিন দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার কথা উত্তরবঙ্গেও। অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে অধিকাংশ জেলায়।
এই মুহূর্তে পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। পরবর্তী দু-দিনের মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। তার অভিমুখ উত্তর বঙ্গোপসাগরের দিকে। তার জেরেই রাজ্যজুড়ে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী রবিবার পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে।
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টি না হলে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশ।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু-এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জল জমবে এবং নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা।
ইতিমধ্যে মৎস্যজীবীদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৩৫ থেকে সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে সমুদ্রে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বুধবার থেকে।