বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন একটাই - পরের পর নিম্নচাপের ঠেলায় দুর্গাপুজোও কি ভাসতে চলেছে ভারী বৃষ্টিতে? এই আবহে কেমন থাকবে পুজোর আবহাওয়া সে নিয়ে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 September 2025 10:22
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি ভেজা দিন। এই আবহাওয়াই এখন স্বাভাবিক বাংলার জন্য (West Bengal)। তবে এই সময়টায় বিশেষ করে মন খারাপ। কারণ মাত্র হাতে গোনা কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব - দুর্গাপুজো (Durga Puja)। তার আগে কি আবহাওয়ার উন্নতি হবে?
বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন একটাই - পরের পর নিম্নচাপের (Low Depression) কারণে দুর্গাপুজোও কি ভাসতে চলেছে? এই আবহে কেমন থাকবে পুজোর আবহাওয়া সে নিয়ে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)।
একের পর এক নিম্নচাপের জেরে বৃষ্টি অব্যাহত বাংলায়। আবহাওয়া দফতর (Weather Office) বলছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শেষ সপ্তাহে পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, সিকিম সহ এই সমস্ত জায়গায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। ফলে পুজোয় যে বৃষ্টি হবে, সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে মৌসুমী বায়ু। এবারেও তেমনটাই থাকার সম্ভাবনা। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে ততদিন। যদিও পুজোর ৫ দিন বৃষ্টি হবে কি না, সে পূর্বাভাস এখনই দিতে পারেনি হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশিই বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবারও আবহাওয়ার তেমন কোনও উন্নতির সম্ভাবনা নেই। তবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার ও শনিবারও বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে রবিবার থেকে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপই এই দুর্যোগের মূল কারণ। বুধবার নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার নিয়েছে। বর্তমানে তা অবস্থান করছে উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এর সঙ্গে রয়েছে উচ্চস্তরে ঘূর্ণাবর্ত।
আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিমে সরে যাবে। মৌসুমী অক্ষরেখা এখন বিকানের থেকে শুরু করে জয়পুর, সম্বলপুর হয়ে পৌঁছেছে বঙ্গোপসাগরে। এর ফলে সমুদ্র থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই বঙ্গের নানা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।