
আবহাওয়া
শেষ আপডেট: 16 March 2026 15:19
দ্য ওয়াল ব্যুরো: আবারও বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া ( Weather )। রাজ্যের আকাশে মেঘের আনাগোনা বাড়ছে এবং বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। আবহাওয়াবিদ ( Meteorologist ) প্রসূন ঘোষ জানিয়েছেন, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে একাধিক সিস্টেম সক্রিয় রয়েছে, যার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের উপরেও। এর ফলেই রাজ্যের আবহাওয়ায় এই পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
বর্তমানে অসম ( Assam ) ও অরুণাচল প্রদেশ ( Arunachal Pradesh ) সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় ( Cyclonic Circulation ) রয়েছে। পাশাপাশি বায়ুমণ্ডলের নিম্নস্তর অর্থাৎ লোয়ার ট্রপোস্ফিয়ারে ( Lower Troposphere ) ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও অসম-অরুণাচল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপের প্রভাব রয়েছে। এই একাধিক আবহাওয়া সিস্টেমের জেরেই পূর্ব ভারতের আবহাওয়ায় অস্থিরতা দেখা যাচ্ছে।
অন্যদিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, যাকে কার্যত বিপরীত ঘূর্ণাবর্ত বলা যায়। এর ফলে দক্ষিণ দিক থেকে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এই পরিস্থিতির জেরেই রাজ্যের ( West Bengal ) বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত আংশিক মেঘলা থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মেঘের আনাগোনা বেশি থাকলেও বড় ধরনের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা আপাতত কম। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়াও বইতে পারে।
এদিকে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ প্রসূন ঘোষ জানিয়েছেন, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের অস্বস্তিও বজায় থাকবে।
আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ২০ মার্চের পর থেকে রাজ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।