রেলে শুরু হচ্ছে ১৭ দিনের ‘শ্রী রামায়ণ যাত্রা’ ট্যুর। অযোধ্যা থেকে রামেশ্বরম পর্যন্ত ঘোরা যাবে বিশেষ ট্রেনে।
জানুন এই তীর্থভ্রমণের মোট খরচ, সুবিধা ও কোন কোন পবিত্র স্থান ঘোরা হবে।

রামায়ণ যাত্রা
শেষ আপডেট: 16 March 2026 14:08
দ্য ওয়াল ব্যুরো: আধ্যাত্মিক পর্যটনের চাহিদা বাড়তেই নতুন উদ্যোগ নিল রেল। দেশজুড়ে তীর্থক্ষেত্রে ভ্রমণকে আরও জনপ্রিয় করতে ১৭ দিনের বিশেষ ট্রেন সফর চালু করছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। ‘শ্রী রামায়ণ যাত্রা (Shri Ramayana Yatra)’ নামে এই বিশেষ পর্যটন ট্রেন আগামী ৩০ মার্চ থেকে যাত্রা শুরু করবে। মোট ১৬ রাত ও ১৭ দিনের এই সফরে রামায়ণের সঙ্গে জড়িত ভারত ও নেপালের একাধিক গুরুত্বপূর্ণ তীর্থস্থান ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের।
এই বিশেষ ট্যুর পরিচালনা করবে আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation)। যাত্রা শুরু হবে দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন (Safdarjung Railway Station) থেকে। প্রথম গন্তব্য অযোধ্যা (Ayodhya)। সেখানে পর্যটকেরা দর্শন করবেন 'রাম জন্মভূমি মন্দির' (Ram Janmabhoomi Temple), 'হনুমান গড়ি' (Hanuman Garhi) এবং 'রাম কি পৈড়ি' (Ram Ki Paidi)।
এরপর ট্রেন যাবে নন্দীগ্রাম (Nandigram)। সেখানে দেখা যাবে ভরত-হনুমান মন্দির (Bharat-Hanuman Temple) ও ভরত কুণ্ড (Bharat Kund)। এরপর সফরে থাকবে সীতামারহি (Sitamarhi)। সেখান থেকে সড়কপথে নিয়ে যাওয়া হবে নেপালের জনকপুরে (Janakpur)। জনশ্রুতি অনুযায়ী, এখানেই সীতার জন্মস্থান। পর্যটকেরা দর্শন করবেন জানকী মন্দির (Janaki Temple), ধনুষ ধাম মন্দির (Dhanush Dham Temple) ও পরশুরাম কুণ্ড (Parashuram Kund)।
এই তীর্থযাত্রায় আরও অন্তর্ভুক্ত রয়েছে বক্সারের (Buxar) রামরেখা ঘাট (Ram Rekha Ghat) ও রমেশ্বর নাথ মন্দির (Rameshwar Nath Temple)। বারাণসীতে (Varanasi) দর্শন করানো হবে তুলসী মানস মন্দির (Tulsi Manas Temple), সংকট মোচন মন্দির (Sankat Mochan Temple) ও কাশী বিশ্বনাথ মন্দির (Kashi Vishwanath Temple)। সঙ্গে থাকবে বিখ্যাত গঙ্গা আরতি (Ganga Aarti)।
এছাড়া সফরে রয়েছে প্রয়াগরাজের (Prayagraj) ত্রিবেণী সঙ্গম (Triveni Sangam), হনুমান মন্দির (Hanuman Temple) ও ভারদ্বাজ আশ্রম (Bharadwaj Ashram)। দর্শন করানো হবে শৃঙ্গবেরপুরের (Shringverpur) শৃঙ্গ ঋষি মন্দির (Shring Rishi Temple) এবং চিত্রকূটের (Chitrakoot) গুপ্ত গোদাবরী (Gupt Godavari), রাম ঘাট (Ram Ghat) ও সতী অনুসূয়া মন্দির (Sati Anusuya Temple)।
পরবর্তী গন্তব্য নাসিক (Nashik), যেখানে পর্যটকেরা যাবেন ত্র্যম্বকেশ্বর মন্দির (Trayambkeshwar Temple) ও পঞ্চবটি (Panchvati) এলাকায়। এরপর সফরে রয়েছে হাম্পির (Hampi) অঞ্জনাদ্রি পাহাড় (Anjanadri Hill), বিরূপাক্ষ মন্দির (Virupaksha Temple) ও ভিত্থল মন্দির (Vitthal Temple)। সবশেষে দর্শন করানো হবে রামেশ্বরমের (Rameshwaram) রমনাথস্বামী মন্দির (Ramanathaswamy Temple) ও ধনুষকোডি (Dhanushkodi)।
মোট প্রায় ৭,৫৬০ কিলোমিটার পথ অতিক্রম করে ১৭তম দিনে আবার দিল্লিতে ফিরবে ট্রেনটি। এই সফর চলবে অত্যাধুনিক ভারত গৌরব ডিলাক্স এসি ট্রেনে (Bharat Gaurav Deluxe AC Tourist Train)। ট্রেনে রয়েছে তিন ধরনের আসন—ফার্স্ট এসি (First AC), সেকেন্ড এসি (Second AC) ও থার্ড এসি (Third AC)। পাশাপাশি আধুনিক রান্নাঘর, দুটি রেস্তরাঁ, সেন্সরভিত্তিক ওয়াশরুম, শাওয়ার কিউবিকল, ফুট ম্যাসাজার, সিসিটিভি ও নিরাপত্তারক্ষীর ব্যবস্থাও থাকছে।
ভাড়া নির্ধারিত হয়েছে থার্ড এসি-তে জনপিছু ১,১৪,১০০ টাকা, সেকেন্ড এসি-তে ১,৫১,২২৫ টাকা এবং ফার্স্ট এসি-তে ১,৬৪,৯৪০ টাকা। ট্রিপল অকুপেন্সিতে সর্বনিম্ন খরচ পড়বে ১,১১,৬৩০ টাকা। প্যাকেজের মধ্যে থাকবে ট্রেন ভ্রমণ, তিনতারা হোটেলে থাকা, নিরামিষ খাবার, এসি বাসে দর্শন, ভ্রমণ বিমা এবং আইআরসিটিসি (IRCTC) ট্যুর ম্যানেজারের পরিষেবা। মোট ১৫০ জন যাত্রী এই সফরে অংশ নিতে পারবেন।