বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।

উপকূলে কড়া সতর্কতা
শেষ আপডেট: 28 May 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'শক্তি' (Cyclone Shakti)। নিম্নচাপ ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমান ওড়িশা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হবে।
এই সিস্টেমটির জন্য সিকিমে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। ৩১ মে, শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সপ্তাহান্তে মৎস্যজীবীদের সমুদ্র মাছ ধরে যাওয়ায় নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামী কয়েকদিনে রাজ্যে বৃষ্টির মাত্রা বাড়ায় তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। তবে, খুব বেশি তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rain Alert) জারি করা হয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলি জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও বাকি জেলাগুলিতে ৭০-১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতায় (Kolkata Weather) মূলত মেঘলা আকাশ থাকবে। কিছু সময় আংশিকভাবে আকাশ পরিষ্কার হলেও জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
টানা ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর দিনাজপুর ও কোচবিহারের কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদহে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার ও শনিবার এই প্রবল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবারও একইভাবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অসম ও মেঘালয়ের কিছু অংশে প্রবেশ করেছে। আগামী তিনদিনের মধ্যে সিকিম ও উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে বর্ষা। সমগ্র উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষা প্রবেশ করবে খুব শীঘ্রই।