নানা আইনি জটিলতা পেরিয়ে এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে বলে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবারের আয়োজন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 September 2025 08:32
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৯ বছর পর ফের আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) দ্বিতীয় SLST পরীক্ষা। আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর এবং তার পরের সপ্তাহে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। নানা আইনি জটিলতা পেরিয়ে এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে বলে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবারের আয়োজন।
ইতিমধ্যেই কমিশন প্রভিশনাল অ্যাডমিট কার্ড (Provisional admit card) প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিয়ম (wbssc exam guidelines) এবং নিষিদ্ধ জিনিসের তালিকা (items banned in wbssc exam center)।
পরীক্ষাকেন্দ্রে কী কী নেওয়া যাবে না?
কমিশনের নির্দেশ অনুযায়ী, সঙ্গে রাখা যাবে না ঘড়ি (কোনও ধরনের), ক্যালকুলেটর, লগ টেবিল। তাছাড়া, মোবাইল ফোন বা কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেটের ওপরও জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা।
এর মধ্যে কোনও একটা জিনিসও কারও কাছে পাওয়া গেলে পরীক্ষার সুযোগ সঙ্গে সঙ্গেই বাতিল করা হবে।
কী সঙ্গে রাখা যাবে?
শুধু কিছু সীমিত সামগ্রী পরীক্ষার্থীদের অনুমোদিত। তা হল - স্বচ্ছ বোতলে ব্যক্তিগত পানীয় জল, নীল বা কালো কালির স্বচ্ছ কলম, প্রভিশনাল অ্যাডমিট কার্ড (কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে)। অবশ্যই সঙ্গে থাকতে হবে আসল পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার ইত্যাদি)।
এসব কাগজপত্র স্বচ্ছ ফোল্ডারে রাখা যাবে।
পরীক্ষা শুরু হতে চলেছে দুপুর ১২টা থেকে, শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে। সকল পরীক্ষার্থীকে সকাল ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। গেট বন্ধ হয়ে যাবে বেলা ১১টা ৪৫ মিনিটের মধ্যে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনও সমস্যা এড়াতে পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আদালতের কড়া বার্তা
গত বৃহস্পতিবার বিচারপতি অলোক আরাধের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও অযোগ্য প্রার্থীকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। কমিশন ইতিমধ্যেই ১৮০৪ জন ‘দাগি প্রার্থী’র তালিকা প্রকাশ করেছে। এই তালিকা ঘিরে বিরোধীদের সমালোচনা অব্যাহত থাকলেও কমিশন জানিয়েছে, নিয়ম ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।