স্মারকলিপিতে জানানো হয়েছে, WBRS অফিসাররা একই WBCS (Exe.) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অন্যান্য গ্রুপ–এ পরিষেবার সমতুল্য হয়েও বাস্তবে সমান সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

ফাইল ছবি
শেষ আপডেট: 31 December 2025 14:42
দ্য ওয়াল ব্যুরো: বেতন কাঠামোয় (Salary Disparity) বৈষম্য, পদোন্নতির ধাপে দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক দায়িত্বের তুলনায় সুযোগ-সুবিধার ঘাটতির বিষয় সামনে রেখে নবান্নের দ্বারস্থ হল ওয়েস্ট বেঙ্গল রেভেনিউ সার্ভিস অফিসার্স (West Bengal Revenue Service Officers’ Association বা WBRSOA)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে জানানো হয়েছে, WBRS অফিসাররা একই WBCS (Exe.) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অন্যান্য গ্রুপ–এ পরিষেবার সমতুল্য হয়েও বাস্তবে সমান সুযোগ-সুবিধা পাচ্ছেন না। বর্তমানে ১ হাজার ৮৬৫ জন অফিসার নিয়ে WBRS ক্যাডার রাজ্যের সবচেয়ে বড় গ্রুপ–এ পরিষেবা। পরীক্ষার মেধাতালিকায় প্রথম দিকের বহু প্রার্থী স্বেচ্ছায় WBRS বেছে নিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়েছে।
সংগঠনের দাবি, রাজ্যের নিজস্ব কর-রাজস্বের প্রায় ৯৫ শতাংশ (প্রায় ৮০ হাজার কোটি টাকা) সংগ্রহের দায়িত্ব WBRS অফিসারদের কাঁধে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথীর মতো একাধিক সামাজিক প্রকল্পের আর্থিক ভিত্তিও গড়ে উঠেছে এই রাজস্ব ব্যবস্থার উপর।
GST চালু করা থেকে শুরু করে স্ট্যাম্প ডিউটি ও রাজ্য আবগারি ক্ষেত্রে রেকর্ড বৃদ্ধির পিছনেও WBRS অফিসারদের অবদান উল্লেখযোগ্য বলে দাবি সংগঠনের। কেন্দ্র ও অন্যান্য রাজ্যের সঙ্গে সমন্বয়, কর ফাঁকি রুখতে নজরদারি, ই-গভর্ন্যান্স, এমনকী নির্বাচনের সময় ব্যয় পর্যবেক্ষণের মতো সংবেদনশীল দায়িত্বও নিয়মিত সামলান তাঁরা।

তবুও সাম্প্রতিক বছরগুলিতে পরিষেবা-সুবিধা, ক্যাডার সংস্কার ও কর্মজীবনের অগ্রগতিতে একের পর এক সিদ্ধান্তে WBRS অফিসারদের উপেক্ষা করা হয়েছে, অভিযোগ সংগঠনের। একই পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়া অন্যান্য পরিষেবায় যেখানে অতিরিক্ত ইনক্রিমেন্ট, দ্রুত MCAS সুবিধা এবং আলাদা পে-রুলস চালু হয়েছে, সেখানে WBRS পিছিয়ে পড়েছে।

এর ফলে এক দশক আগেও যে সমতা ছিল, তা এখন কার্যত উধাও। সংগঠনের হিসাব অনুযায়ী, কর্মজীবনের এক পর্যায়ে এসে মাসিক বেতনের ফারাক ৬০ হাজার টাকারও বেশি হয়ে যাচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হল, কিছু ক্ষেত্রে গ্রুপ–সি স্তরের কর্মীরা তুলনামূলকভাবে আগে বেশি আর্থিক সুবিধা পেয়ে যাচ্ছেন - যা রাজ্য প্রশাসনের ইতিহাসে নজিরবিহীন বলে দাবি WBRSOA-র।
এই পরিস্থিতিতে সংগঠনের তিনটি প্রধান দাবি -
প্রথমত, প্রতিটি পদোন্নতির ধাপে দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট চালু করা।
দ্বিতীয়ত, ৭, ১৪, ১৮, ২২ ও ২৬ বছর পরিষেবার ভিত্তিতে সংশোধিত MCAS সুবিধা।
তৃতীয়ত, রাজস্ব-নির্ভর এই পরিষেবার জন্য WBRS ক্যাডারের পৃথক পে-রুলস প্রণয়ন।
সংগঠনের বক্তব্য, ন্যায্য পদোন্নতি ও সমতা ভিত্তিক সুবিধা নিশ্চিত হলে শুধু অফিসারদের মনোবলই নয়, রাজ্যের রাজস্ব প্রশাসনের দক্ষতাও আরও মজবুত হবে।