অমিত শাহের ভিডিওটি নিজেদের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে অভিযোগ, স্বাধীনতা সংগ্রামীর নাম ভুল করে ইতিহাস বিকৃত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ
শেষ আপডেট: 30 December 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সফরের প্রথম দিনে কলকাতায় (Kolkata) সাংবাদিক বৈঠকে করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুর্নীতি থেকে শুরু করে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারকে (TMC) তুলোধনাও করেছেন তিনি। কিন্তু নিজের বক্তব্যে দুই প্রবাদপ্রতিম ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম গুলিয়ে ফেলে এখন বিতর্কে শাহ।
মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদানের প্রসঙ্গ তুলতে গিয়ে শচীন্দ্রনাথ সান্যালের নাম বলতে গিয়ে তিনি বলে ফেলেন, ‘রবীন্দ্রনাথ সান্যায়’। সেই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে (Social Media)। আর সেটাকেই হাতিয়ার করেছেন তৃণমূল কংগ্রেস।
অমিত শাহের (Amit Shah) ভিডিওটি নিজেদের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের তরফে অভিযোগ, স্বাধীনতা সংগ্রামীর নাম ভুল করে ইতিহাস বিকৃত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উসকে উঠেছে রাজনৈতিক বিতর্ক, বিশেষত কিছুদিন আগের সংসদ-পর্বের একটি প্রসঙ্গ সামনে আসায়। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন। তৃণমূল সাংসদ সৌগত রায়ের বিরোধিতার মুখে পড়ে তিনি ভুল শুধরে নেন। যদিও সেই মন্তব্য ঘিরে বিতর্কের রেশ পুরোপুরি কাটেনি।
Rabindranath Sanyai??
No, Mr. @AmitShah. Rabindranath Tagore. Sachindra Nath Sanyal. Two towering figures. Two entirely different people. But how would you know the difference?
After all, you are BOHIRAGOTO with zero cultural literacy. Do your homework. Stop mangling our icons.… pic.twitter.com/d9gpSexKo7— All India Trinamool Congress (@AITCofficial) December 30, 2025
উল্লেখ্য, শচীন্দ্রনাথ সান্যাল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ নাম। ১৮৯৩ সালে বেনারসে জন্ম তাঁর। কলকাতায় থাকাকালীন তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। বিপ্লবী রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসে সুপ্রতিষ্ঠিত।
মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে দেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের ভূমিকা তুলে ধরতে গিয়ে অমিত শাহ সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু ও বাঘা যতীনের নামের সঙ্গে ‘রবীন্দ্রনাথ সান্যায়’ উচ্চারণ করেন। বিরোধীদের দাবি, শচীন্দ্রনাথ সান্যালের নাম বলতে গিয়েই এই ভুল করেন তিনি।
তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পোস্টে লেখা হয়, “রবীন্দ্রনাথ ঠাকুর এক জন, শচীন্দ্রনাথ সান্যাল আর এক জন। দু’জন আলাদা। কিন্তু আপনি কী করে জানবেন? আপনি তো বহিরাগত। আমাদের সংস্কৃতি, ইতিহাস জানার ন্যূনতম চেষ্টাও নেই। আমাদের আইকনদের বিকৃত করা বন্ধ করুন।”
এসআইআর আবহে মঙ্গলবারই দিল্লি রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর। তবে যাওয়ার আগে এই বিষয়টিকে নিয়ে তিনিও অমিত শাহকে খোঁচা দেন। বলেন, তিনি শুধু নন, বিজেপিই বাংলার সংস্কৃতি জানে না, কাউকে চেনে না।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে আবারও সংস্কৃতি, ইতিহাস ও ‘বহিরাগত বনাম স্থানীয়’ বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে।