ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় সোমবার হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

WBJEE
শেষ আপডেট: 29 July 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় সোমবার হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই এবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফল দ্রুত প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা হোক।
মামলাকারীদের দাবি, দেশের অন্যান্য রাজ্য ইতিমধ্যেই জয়েন্টের ফলাফল প্রকাশ করে ফেলেছে। কিন্তু ওবিসি সংরক্ষণ মামলার জেরে পশ্চিমবঙ্গে তা এখনও ঝুলে রয়েছে। এতে পিছিয়ে পড়ছেন বাংলার ছাত্রছাত্রীরা।
এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করা হয় মঙ্গলবার। ডিভিশন বেঞ্চ জরুরি শুনানির আবেদন গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ হতে পারে শুনানি।
উল্লেখ্য, গতকালই (সোমবার) ওবিসি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে ‘ত্রুটিপূর্ণ’ বলে জানায় সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে, নতুন বেঞ্চ গঠনের নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত।
পর্যবেক্ষকদের মতে, সুপ্রিম কোর্টের এই রায় জয়েন্ট পরীক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। আদালতের স্পষ্ট বার্তা, দ্রুত শুনানি শেষ করে সমস্যার নিষ্পত্তি করতে হবে।
এখন দেখার, মঙ্গলবারের শুনানিতে কী সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। ফল প্রকাশের বিষয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ আসে কি না, সেদিকে তাকিয়ে চাকরিপ্রার্থীরা।