মেসন পোর্টালে ওয়াকফ নথি আপলোডে জট? রাজ্যজুড়ে চালু হল বিশেষ হেল্প ডেক্স।

ওয়াকফ
শেষ আপডেট: 10 December 2025 21:39
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সম্পত্তির নথি আপলোড করতে না পারায় বহু মুতওয়াল্লি সমস্যায় পড়েছেন। মেসন মুতওয়াল্লি ইউনিয়ন পোর্টালে নথি আপলোডের জট কাটাতে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াকফ বোর্ড। ওয়াকফ (সংশোধনী আইন), ২০২৫–এর ধারা ১বি অনুযায়ী রাজ্য ওয়াকফ ট্রাইব্যুনালে দাখিলযোগ্য অতিরিক্ত দাবি (Additional Claim) প্রস্তুত করার ক্ষেত্রে মুতওয়াল্লিদের জন্য শুরু হয়েছে বিশেষ সহায়তা পরিষেবা।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সহায়তার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ হেল্প ডেক্স স্থাপন করা হয়েছে। এই হেল্প ডেক্স পাওয়া যাবে ওয়াকফ বোর্ডের অফিস- ৬/২, Madan Street, চাঁদনি মার্কেট, কলকাতা–৭২। হাজ হাউস, পার্ক সার্কাস এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা DOMA অফিসে।
এছাড়া জানানো হয়েছে, মডেল পিটিশন (খসড়া) এবং Vakalatnama-ও এই হেল্প ডেক্সগুলিতে পাওয়া যাবে। মুতওয়াল্লি যে কোনও জেলা DOMA অফিস, ওয়াকফ বোর্ড অফিস অথবা হাজ হাউস, পার্ক সার্কাস, কলকাতার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
হেল্প ডেক্সে অনুসরণীয় পদ্ধতি অনুযায়ী প্রথমেই আবেদনপত্র পূরণ করতে হবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। এরপর ডেমি কাগজে আবেদনপত্রের প্রিন্ট আউট নিয়ে সেটি নোটারি করতে হবে। আবেদনপত্রের হাতে একটি কপি প্রস্তুত রাখতে হবে, প্রতি মুতওয়াল্লির জন্য পৃথকভাবে।
সাহায্যকারী নথিপত্র হিসেবে আধার, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা ব্যাঙ্ক পাসবুকের কপি সংযুক্ত করতে হবে। পাশাপাশি মুতওয়াল্লিদের নিয়মাবলি, দলিল, রেজোলিউশন, আদালতের আদেশ এবং ওয়াকফ রেজিস্টারের ইস্যুকপি (যদি পাওয়া যায়) জমা দিতে হবে। সঙ্গে অবশ্যই Vakalatnama যুক্ত করতে হবে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপরোক্ত সমস্ত প্রক্রিয়া হেল্প ডেক্স থেকেই সম্পন্ন করা যাবে। কোনও বিষয় স্পষ্ট করার প্রয়োজন হলে মুত্যাওয়ার্লারা সরাসরি ওয়াকফ বোর্ড অফিসে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগের জন্য হেল্প ডেক্স রয়েছে ওয়াকফ বোর্ডের অফিসে—৬/২ মাডান স্ট্রিট (চাঁদনি মার্কেট), কলকাতা–৭২। ফোন নম্বর: ০৩৩ ২২৫২৮৪৮৬। এছাড়াও পার্ক সার্কাসের হাজ হাউস থেকেও সহায়তা পাওয়া যাবে। মোবাইল নম্বর: ৯৮০০৪৯৮৮৪১।