দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারে ঘুমের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা। মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল এক মা ও তাঁর দুই নাবালিকা কন্যার। ঘটনায় শোকাচ্ছন্ন গোটা এলাকা।

ছবিটি এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 5 September 2025 12:20
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে আলগা মাটি। মন্দিরবাজারে ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল। ঘুমের মধ্যে প্রাণ হারালেন এক মহিলা ও তাঁর দুই সন্তান। কেঁদে কুল পাচ্ছে না পরিবার।
বৃহস্পতিবার রাতের খাবার সেরে মাটির বাড়িতেই ঘুমিয়েছিলেন রোজকারের মতো, বৃহস্পতি কর্মকার (৪৩) ও তাঁর দুই মেয়ে, শিলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০)। গভীর রাতে হঠাৎই ঘরের দেওয়াল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মারা যান তিনজন। আশপাশের লোকজন কোনও শব্দ পেলেও ঘটনাটি কতটা ভয়ঙ্কর, তা বুঝতে পারেননি।
শুক্রবার সকালে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে দেখেন ভেঙে পড়া দেওয়ালের নীচে চাপা পড়ে রয়েছেন তিনজন। আতঙ্কে গ্রামজুড়ে শুরু হয় চিৎকার, কান্না। এরপর তড়িঘড়ি সবাই মিলে তাঁদের উদ্ধার করে নিয়ে যান নাইয়ারহাট হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
রাতে যাঁদের সঙ্গে কথা হয়েছে, সকালে তাঁরা নেই, এই ভেবে বার বার কান্নায় ভেঙে পড়ছেন প্রতিবেশীরা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন, বহু পুরনো ছিল ওই মাটির বাড়ি। সেই কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কীভাবে দেওয়াল ধসে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।