সংগঠনের দাবি, যাঁদের নাম দুই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে, তাঁদের চিহ্নিত করে বাংলার তালিকা থেকে বাদ দিতে হবে। শুধু তাই নয়, আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতেই হবে।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 4 December 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: দুই রাজ্যে ভোটার কার্ড থাকা ব্যক্তিদের নাম (Votes in two states) বাংলার ভোটার তালিকা থেকে অবিলম্বে বাদ দিতে হবে (cancellation of names in Bengal)— এই দাবিতেই ফের রাস্তায় বাংলা পক্ষ (Bangla Paksha)।
SIR ঘোষণার পর থেকেই এই ইস্যুতে জোরালো আন্দোলন গড়ে তুলেছে বাংলা পক্ষ। এর আগে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছিল সংগঠনটি। এখন জেলা প্রশাসনের হাতেও তুলে দেওয়া হচ্ছে দাবিপত্র।
সংগঠনের দাবি, যাঁদের নাম দুই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে, তাঁদের চিহ্নিত করে বাংলার তালিকা থেকে বাদ দিতে হবে। শুধু তাই নয়, আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতেই হবে।
বৃহস্পতিবার এই দাবিতে দক্ষিণ ২৪ পরগনার আলিপুরে জেলাশাসকের (District Magistrate) দফতরে স্মারকলিপি জমা দিল সংগঠনটি। উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা, দক্ষিণ ২৪ পরগনার সহ-সম্পাদক মহম্মদ হুমায়ুন মোল্লা-সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।
কৌশিক মাইতির অভিযোগ, “বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা—এসব নিয়ে বাজার গরম করতে ব্যস্ত রাজনীতিকেরা ও মিডিয়ার একাংশ। কিন্তু লাখ লাখ মানুষ দুই রাজ্যের ভোটার হয়ে ক্রিমিনাল কাণ্ড ঘটালেও সে দিকেই কেউ নজর দিচ্ছে না। বিহার, ইউপি, ঝাড়খন্ড, ওড়িশা—দু’জায়গাতেই ভোট দেওয়া এই বহিরাগতরা বাংলার সম্পদ নষ্ট করছে।”
তিনি আরও জানান, বাংলার SIR প্রক্রিয়ায় এই ‘দুই রাজ্যে ভোট থাকা ক্রিমিনাল’-দের নাম বাদ দেওয়ার দাবি জোরালভাবেই তুলে ধরা হবে। “আমরা তালিকা তৈরি করছি। আজ অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে বৈঠকও সদর্থক হয়েছে। বহিরাগত-ক্রিমিনাল মুক্ত বাংলা গড়তেই বাংলা পক্ষ লড়াই চালিয়ে যাবে।”