কীভাবে রাতারাতি বদলে যাচ্ছে মৃত ভোটার 'শূন্য' বুথের সংখ্যা?
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 4 December 2025 23:21
দ্য ওয়াল ব্যুরো: মৃত ভোটারের নাম নেই, একটাও ফর্ম ফেরেনি এমন বুথের সংখ্যা (Number of booths, without the name of a deceased voter has decreased) ক্রমেই কমছে!
সোমবার কমিশন জানিয়েছিল, এমন বুথের সংখ্যা ২২০৮, মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছিল ৪৮০, বুধবার ২৯ আর বৃহস্পতিবার কমে দাঁড়াল মাত্র ৭টিতে!
কীভাবে রাতারাতি বদলে যাচ্ছে মৃত ভোটার 'শূন্য' বুথের সংখ্যা? কমিশনের (Election Commission) বক্তব্য, রিপোর্ট পাওয়ার পরপরই ডিইও-দের থেকে আলাদা করে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল (SIR West Bengal)। কোথাও কোনও ভুল ত্রুটি যাতে না রয়ে যায়, তাই বারে বারে রি-চেক করা হচ্ছে। সেকারণেই বুথের সংখ্যা কমেছে।
কমিশন সূত্রের খবর, শুধু মৃত ভোটার 'শূন্য' বুথের সংখ্যা নয়, একইভাবে দেখা যাচ্ছে বহু বুথে কোথাও একজনও ভোটার স্থানান্তরের তথ্য নেই। একইভাবে কোথাও ডুপ্লিকেট আবার কোথাও অ্যাবসেন্ট ভোটারের সংখ্যা শূন্য। সংশ্লিষ্ট বুথগুলি পুনরায় রি-চেক করার জন্য সংশ্লিষ্ট জেলার ডিইও-দের ফের নির্দেশ পাঠানো হয়েছে। কমিশনের বক্তব্য, এই সংখ্যাটাও আরও কমতে পারে বা বদল হতে পারে। ১০ তারিখের আগে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়।
রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে SIRএর প্রক্রিয়াগুলি সাত দিন করে পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখন সেই সময়সীমা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। ১৫ জানুয়ারি পর্যন্ত তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং আপত্তি কমিশনের কাছে জানানোর সুযোগ মিলবে।
১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভাল করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে। তার পর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।