বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় (Voter list) কারচুপির অভিযোগে সরব শাসক-বিরোধী দু'পক্ষই।

ফাইল ছবি।
শেষ আপডেট: 28 May 2025 20:23
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় (Voter list) কারচুপির অভিযোগে সরব শাসক-বিরোধী দু'পক্ষই। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের (Election Commission) সদর দফতরকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকাচ্ছে বিজেপি। আর বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকাচ্ছে তৃণমূল।
এমন আবহে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে ব্লক লেভেল অফিসার বা বিএলও নিয়োগ সঠিক ভাবে হয়েছে কিনা, তা জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। সিইইও অফিসে এই মর্মে দিল্লির নির্বাচন কমিশন থেকে চিঠি এসেছে। সূত্রের খবর, বিএলও হিসাবে কাদের নিয়োগ করা হয়েছে? নিয়ম মেনে হয়েছে কিনা, এ ব্যাপারে দিল্লির তরফে রাজ্যের কাছ থেকে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে।
এই বিএলওদের (বুথ লেভেল অফিসার) কাজ কী?
কমিশন সূত্রের খবর, সারাবছর ভোটার লিস্টের সংযোজন বিয়োজনের কাজ করেন এই বিএলও-রা। মানে কার ১৮ বছর হল? কোন এলাকায় কে মারা গেল? এইসব তথ্য জোগাড় করা ও ভোটার তালিকায় কাদের নাম উঠবে এ ব্যাপারে যাবতীয় ছানবিন করেন এই বিএলও-রা।
কাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়?
কমিশন সূত্রের খবর, গর্ভমেন্ট কর্মী বা সেমি গর্ভমেন্ট কর্মীদের কাজে লাগানো যায় এই কাজে। সূত্রের খবর, এ রাজ্যে ভিলেজ রিসোর্স পার্সন(ভিএলপি) দেরও নাকি বিএলও পদে কাজে লাগানো হয়েছে। যা নিয়ম বিরুদ্ধ। এ ব্যাপারে দিল্লিতেও অভিযোগ গেছে বলে খবর। তারপরই বিএলওদের নিয়োগের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের অধীন প্রতিটি জেলার ডিস্ট্রিক ইলেকশন অফিসার বা ডিইইও-দের কাছ থেকে এর ক্লারিফিকেশন চাওয়া হয়েছে।
সম্প্রতি ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠেছিল কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার (ERO) অরুণ গোরাইকে। অভিযোগ, অবৈধভাবে লগিং আইডি হ্যাক করে ভোটার তালিকায় কারচুপি করেছেন ওই আধিকারিক। এরপরই তাঁকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এবার বুথ লেভেল অফিসারদের বিষয়ে খোঁজখবর শুরু করল জাতীয় নির্বাচন কমিশন।