সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের সাফল্যকে অভিনন্দন জানাতে এদিন আলিপুরদুয়ারে সরকারি জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বাংলার সরকারকে নিশানা করেন মোদী।
.jpeg.webp)
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।
শেষ আপডেট: 29 May 2025 19:49
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের আদলে ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় অপারেশন পশ্চিমবঙ্গ হবে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে মোদীর (Narendra Modi) উপস্থিতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্ত একা নন, এদিন তৃণমূলের সরকারকে দুর্নীতির সরকার বলে অভিহিত করেন মোদীও।
এই আক্রমণের জবাবেই এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলেন, "আমি তাঁদের চ্যালেঞ্জ জানাচ্ছি, সাহস থাকে তো আগামীকালই নির্বাচন করুন। আমরা তৈরি। বাংলা তৈরি।"
এরপরই অপারেশন সিঁদুর নিয়ে মোদী অহেতুক রাজনীতি করছেন, সিঁদুরকে প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বলে আক্রমণ শানিয়ে, পহেলগামের প্রসঙ্গ টেনে মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, "জঙ্গিদের এখনও ধরতে পারলেন না কেন? এত বড় নেতা, যে আমেরিকা বললে ১ মিনিটে চুপ হয়ে যায়! উনি নাকি দেশ রক্ষা করবেন।"
সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের সাফল্যকে অভিনন্দন জানাতে এদিন আলিপুরদুয়ারে সরকারি জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বাংলার সরকারকে নিশানা করেন মোদী। রাজ্যজুড়ে দুর্নীতি, অনিয়মের অভিযোগ তুলে রাজ্যের একাধিক সঙ্কট চোখে আঙুল দিয়ে দেখান মোদী।
যার জবাবে এদিন মমতা বলেন, "আপনি প্রধানমন্ত্রী হিসেবে নয় আপনি বিজেপির সভাপতি হিসেবে কাজ করছেন। যখন একটি সরকার আপনার সরকারকে সমর্থন করছে, অপারেশন সিঁদুর নিয়ে বিদেশে প্রচার করছে, তখন আপনি সেই সরকারকে আক্রমণ করছেন? রাজ্যকে আক্রমণ করার এটা সময়? বিজেপি একটা জুমলা পার্টি। প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাজনৈতিক রঙ লাগিয়ে এটাকে নির্বাচনী প্রচারে পরিণত করার চেষ্টা করছেন।"
মমতা এও বলেন, "যদি কোথাও কোন দুর্নীতি হয়, তাহলে সরকার তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আপনার সরকারে কত দুর্নীতি আছে? অসম সরকার কী করে বলে যে নাগরিকদের হাতে বন্দুক ধরিয়ে দেবে? আমি তো ভেবেছিলাম আপনি সেনাবাহিনীকে স্যালুট দেওয়ার জন্য আসবেন। কিন্তু সেটা তো করলেন না।"
সম্প্রতি মুর্শিদাবাদ ও মালদহে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাতে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটে। ঘটনার জন্য এদিন তৃণমূলকেই দায়ী করেছেন মোদী। যার জবাবে মমতা বলেন, "মুর্শিদাবাদ ও মালদহের ঘটনা তো বিজেপি ঘটিয়েছে। যদি তার প্রমাণ চান আমি প্রমাণ দিয়ে দেব।" প্রশ্ন ছুড়েছেন, "এত বছর ধরে রাজত্ব করছেন দেশকে কী দিয়েছেন?"
খানিক থেমে জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী, "মোদীজির পলিসি হল, ডিভাইড অ্যান্ড রুল। আলিপুরদুয়ারের মানুষের ওপর যদি বিশ্বাস থাকত, তাহলে অসম থেকে লোক নিয়ে আসতে হতো না। উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোন বিশ্বাস নেই।"