দুর্নীতির প্রশ্নে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে বাংলার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 29 May 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির প্রশ্নে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে বাংলার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যার জবাবে এদিন বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মোদীকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বলেন, "সাহস থাকলে টিভি চ্যানেলে মুখোমুখি বসুন, ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ টু ইউ।"
এদিনের বক্তৃতায় বাংলায় ৬ সঙ্কটের কথা ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, "তৃণমূল বাংলার জন্য বিরাট ধোঁকা, কেন্দ্রের ১৬টি বড় প্রকল্প আটকে রেখেছে। ওরা নিজেরাই চায় না যে বাংলার উন্নয়ন হোক। সেজন্য রাজ্যে বল্গাহীন দুর্নীতি চলছে।" যার জবাবে মমতা বলেন, "সবচেয়ে বেশি দুর্নীতি, ভ্রষ্টাচার তো বিজেপি করেছে।"
উত্তরবঙ্গের সভা থেকে মোদী অভিযোগ করেছেন, তৃণমূলের জমানায় বাংলায় বেকারত্ব বেড়েছে। এর জবাবে মমতা বলেন, মোদীর রাজত্বে যেখানে দেশে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে সেখানে আমাদের রাজ্যে ৪০ শতাংশ কমেছে।
এর পরেই চ্যালঞ্জের সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"যদি আপনার এত ক্ষমতা থাকে, সাহস থাকে তাহলে টিভি ডিবেটে বসুন। একদিকে আপনি থাকবেন একদিকে আমি থাকব। আপনি টেলিপ্রম্পটার ব্যবহার করতে চাইলেও ব্যবহার করতে পারেন। কিন্তু যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে।"
পাশাপাশি মমতা আরও প্রশ্ন ছুড়ে দেন মোদীকে। বলেন, "এত বছর ধরে রাজত্ব করছেন, দেশকে কী দিয়েছেন?" খানিক থেমে জবাবও দিয়েছেন মমতা নিজেই, "মোদীজির পলিসি হল ডিভাইড এন্ড রুল। আলিপুরদুয়ারের মানুষের ওপর যদি বিশ্বাস থাকত, তাহলে অসম থেকে লোক নিয়ে আসতে হত না। উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে, ওনার প্রতি মানুষের কোনও বিশ্বাস নেই।"
কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী এও বলেছেন, "একসময় নিজেকে চা ওয়ালা বলতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার। আর এখন বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর ওইভাবে বেচা যায় না। লজ্জা করে না বলতে?"
বাংলার নিয়োগ দুর্নীতি নিয়ে এদিন তৃণমূলকে বিঁধে মোদী বলেন, "এরা কত বড় নির্লজ্জ যে, দুর্নীতি করার পরেও দোষ স্বীকার করার পরিবর্তে কোর্টকেই দোষারোপ করে।" যার জবাবে মমতা বলেছেন, "আমরা কোর্টকে ইমপার্শিয়াল মনে করি, কিন্তু আপনি তো কোর্টকেও ইনস্ট্রাকশন দেন। এটা আপনার ভাষণ থেকেই প্রমাণিত।"
এদিনের বক্তৃতায় বাংলায় ৬ সঙ্কটের কথা ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তার মধ্যে অন্যতম হল, রাজ্যে বল্গাহীন দুর্নীতি চলছে। তার জবাব দিতে মুখ্যমন্ত্রী বলেন, “বড় বড় কথা বলছেন, বিজেপির রাজ্যে কী অবস্থা? গুজরাতে বসে, মধ্যপ্রদেশে পাকিস্তানকে মদত করছে, সেই ঘটনা বেরিয়েছে। তা নিয়ে কী বলবেন? বাংলায় হলে কী করতেন?”