
শেষ আপডেট: 18 September 2023 08:47
দ্য ওয়াল ব্যুরো: ক্যালেন্ডারের পাতায় বিশ্বকর্মা পুজোর (Viswakarma puja) দিনটা এলেই রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা অপেক্ষাকৃত কম। সকাল থেকেই যে রাস্তায় অন্যান্য দিন তুমুল ব্যস্ততা, বাসের রেষারেষি, রিকশার হর্ন অথবা ট্যাক্সি চালকের সঙ্গে দরাদরি সেই চির চেনা ছবি যেন সম্পূর্ণ বদলে যায় এই দিন। মাত্র একটা দিন ছুটি পেয়ে নিজের মতো কাটান নিম্নবিত্ত মানুষগুলি। শ্রমের দেবতা বিশ্বকর্মার পুজো চলে ঘরে, গ্যারাজে। আর মাইকে বেজে ওঠে আট নয়ের দশকের একের পর এক কালজয়ী গান।
কিশোর কুমার, বাপ্পি বা কুমার শানুর পরও বিখ্যাত হয়েছে বহু গান। নতুন শতকে তুমুল জনপ্রিয় হয়েছেন অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষাল। তবু বিশ্বকর্মা পুজো যেন আট নয়ের দশকের গান ছাড়া ভাবাই যায় না। অনেকে প্রশ্ন তোলেন, নতুন গায়ক গায়িকাদের হিন্দি গানে কি আবেগ কম পড়িয়াছে? তবে সম্ভবত, এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে উত্তর, যে ধোপদুরস্ত পোশাক পরা মধ্যবিত্ত সমাজের একাংশ চিরকাল নিজেদের থেকে আলাদা করে রেখেছে রোজকার খেটে খাওয়া মানুষগুলিকে। এই শ্রেণিগত বিভাজনই সম্ভবত এই মানুষগুলির থেকে দূরে রেখেছে সুললিত ভাষার আধুনিক হিন্দি গানকে। সহজ অথচ গভীর কথার গান 'শিশে কি উমর' অথবা 'ন্যায়নো মে সপনা' সেই কারণেই আজও বুঝতে সুবিধা হয়, মেলানো সহজ হয় নিজেদের দুঃখের অথবা আনন্দের সঙ্গে।
শিশে কি উমর

বিশ্বকর্মা পুজো মানেই কিশোর কুমারের অবিস্মরণীয় গান 'শিশে কি উমর' চলবেই প্রতিটি পাড়ায়। 'প্রেম প্রতিজ্ঞা' ছবির এই গানের সঙ্গে কোমর দোলানো এই দিনের একটি অত্যন্ত পরিচিত দৃশ্যকল্প।
সাত সমুন্দর

আট নয়ের দশকে কুমার সানু সাধনা সরগম জুটির গান অত্যন্ত জনপ্রিয় ছিল। তবে 'বিশ্বাত্মা' ছবির 'সাত সমুন্দর পার মে তেরে পিছে পিছে আ গ্যায়ি' গানটি সাধনার কেরিয়ারের সম্ভবত সবচেয়ে সফল কাজ। আজও বিশ্বকর্মা পুজোয় পাড়ায় অথবা গ্যারাজে শোনা যায় সাত সমুন্দর পার'
ন্যায়নো মে সপনা

বলিউডের অন্যতম আইকনিক দৃশ্যগুলির মধ্যে থাকবে জীতেন্দ্র শ্রীদেবীর 'ন্যায়নো মে সপনা' গানে নাচের দৃশ্যটি। কিশোর কুমারের গলায় এই গান আজও প্রতি বছর বিশ্বকর্মা পুজোয় নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শেখায় খেটে খাওয়া মানুষদের।
পেয়ার হামে কিস মোড় পে

অমিতাভ বচ্চনের 'সত্তে পে সত্তা' ছবিটি যখন মুক্তি পেয়েছিল সেই সময়ে বক্স অফিসে তোলপাড় ফেলেছিল ছবিটি। পাশাপাশি, অমর হয়ে গিয়েছিল কিশোর কুমারের গলায় 'পেয়ার হামে কিস মোড় পে লে আয়া' গানটি। আজও কোনও ব্যর্থ প্রেমিকের মনের কথা যেন এই গানের সুর হয়ে বাজে কিশোর কুমারের কন্ঠে।
জিলে লে জিলে লে

আট নয়ের দশকে পার্টি বা ক্যাবারে গানের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ছিলেন বাপ্পি লাহিড়ী। তাঁর এবং অ্যালিশা চিনয়ের কণ্ঠে জিলে লে জিলে লে গানটি তিন দশকেরও বেশি সময় ধরে প্রবল জনপ্রিয়। আজও বাপ্পির এই গানই যেন আনন্দের সঙ্গে আরও একবার বেঁচে নিতে বলে খেটে খাওয়া মানুষগুলিকে।
বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর প্ল্যানে জল ঢালতে তৈরি আকাশ! ঝেঁপে বৃষ্টি আসছে এই জেলাগুলিতে