বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী কোন রাস্তায় চলবেন, দেখে নিন বিস্তারিত।
.png.webp)
বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
শেষ আপডেট: 7 November 2025 21:17
দ্য ওয়াল ব্যুরো: রবিবার, ৯ নভেম্বর প্রায় সারাদিনই বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতু দিয়ে কোনও যান চলাচল করা যাবে না। সেতুর মেরামতির কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, শহরে এবং হাওড়ার দিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় পরিবর্তন আনা হয়েছে যান চলাচলের ক্ষেত্রে।
খিদিরপুর থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে আসা গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলি বাঁ দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে।
তজিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়ি টার্ফ ভিউ রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সেগুলি গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে পারবে।
হেস্টিংস ক্রসিং থেকে গাড়িগুলি ডানদিকে ঘুরে কেপি রোড ধরতে পারবে। কেপি রোড ধরে ঘোড়া পাসের ওয়াই পয়েন্টের র্যাম্প দিয়ে আসা গাড়িগুলি কেপি রোডের ওয়াই পয়েন্ট থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর ১১ ফার্লং রোডে ঘুরে রেড রোড ধরে হাওড়া ব্রিজ যেতে পারবে।
জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলি ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং এর দিকে পাঠানো হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরতে পারবে।
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কারণে হাওড়া থেকে কলকাতার দিকে আসা যানবাহনকে বিকল্প সেতু ব্যবহার করতে হবে। কলকাতাগামী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু বা ওল্ড বালি ব্রিজ ধরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
কোলাঘাটের দিক থেকে NH16 ধরে কলকাতামুখী মালবাহী গাড়ি, যেগুলি সাধারণত কোনা এক্সপ্রেসওয়ে বা দ্বিতীয় হুগলি সেতু ধরে আসে, তাদের এবার ধূলাগড়, নিব্রা, সলপ, পাকুড়িয়া, সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাঠানো হবে। ডানকুনির দিক থেকে আসা যানবাহনকেও একইভাবে নিবেদিতা সেতু ধরতে বলা হয়েছে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, রবিবার সকালে থেকে রাতে পর্যন্ত বিদ্যাসাগর সেতু ব্যবহার না করতে। পাশাপাশি, অপ্রয়োজনীয় যানজট এড়াতে বিকল্প রাস্তা ও সেতুগুলি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।