কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর, ২০২৫–এ। মোট ৩৫টি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হয়। অংশগ্রহণ করেছিলেন মোট ২,২৯,৬০৬ জন প্রার্থী।

স্কুল সার্ভিস কমিশন
শেষ আপডেট: 7 November 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) একাদশ-দ্বাদশের ফলাফল। বৃহস্পতিবার সন্ধেবেলা বেরোল দীর্ঘ প্রতীক্ষিত রেজাল্ট (SSC Result)।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর, ২০২৫–এ। মোট ৩৫টি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হয়। অংশগ্রহণ করেছিলেন মোট ২,২৯,৬০৬ জন প্রার্থী। রাজ্যের বিভিন্ন জেলায় মিলিয়ে মোট ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল।
কমিশন জানিয়েছে, প্রত্যেক পরীক্ষার্থী নিজের প্রাপ্ত নম্বর (৬০ এর মধ্যে) জানতে পারবেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে — https://westbengalssc.com লগ ইন করে।
নিয়ম অনুযায়ী, পরবর্তী ধাপে হবে নথি যাচাই (Document Verification)। এই যাচাই প্রক্রিয়ার সময়সূচি প্রকাশিত হবে প্রাথমিক সাক্ষাৎকার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে। এছাড়াও কমিশন জানিয়েছে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল প্রস্তুতির কাজ চলছে এবং তা শিগগিরই প্রকাশিত হবে।
ফলাফল ঘোষণার পর প্রথমে একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর নবম-দশম শ্রেণির নথি যাচাই ও ইন্টারভিউ নেওয়া হবে। দুই স্তর মিলিয়ে মোট শূন্যপদ ৩৫,৭২৬টি। এর মধ্যে একাদশ-দ্বাদশ স্তরে শূন্যপদ রয়েছে ১২,৫১৪টি।
এই পর্যায়ে আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন প্রার্থী, যার মধ্যে ৩,১২০ জন বিশেষভাবে সক্ষম। পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৯৩ শতাংশ প্রার্থী। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতি ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। অর্থাৎ, মোট ৩৫,৭২৬টি শূন্যপদের জন্য ইন্টারভিউর ডাক পেতে পারেন প্রায় ৬০ হাজার প্রার্থী।
বস্তুত, ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। তাতে স্বাভাবিক ভাবে মুখ পুড়েছিল কমিশন এবং রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টেও ২০১৬ সালের প্যানেল বাতিল হয়ে গিয়েছে। তাতে চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। শীর্ষ আদালতেরই নির্দেশে সেই পরীক্ষাই আবার নতুন করে হয়।
এই পরীক্ষা ঘিরেও কম বিতর্ক হয়নি। চাকরিহারানোদের মধ্যে সুপ্রিম কোর্ট যাঁদের দাগি বা টেন্টেড বলে চিহ্নিত করেছিল, তাঁরা নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে কলকাতা হাইকোর্ট এবং শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। পরীক্ষার সূচি পরিবর্তনের আর্জিও জানানো হয়েছিল। সুপ্রিম কোর্ট অবশ্য দু’টি আর্জিই খারিজ করে দেয়।
শীর্ষ আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, এক জন দাগিও নতুন নিয়োগে যোগ দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গত ৩০ সেপ্টেম্বর ‘দাগি’দের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ১,৮০৬ জন ‘দাগি’ অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়।