রক্ষণাবেক্ষণের জন্য রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ।

বিদ্যাসাগর সেতু
শেষ আপডেট: 23 November 2025 08:29
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা অনুযায়ী রক্ষণাবেক্ষণের (Maintenance Work) কাজের জন্য রবিবার (Sunday) সকাল থেকে টানা আট ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে (Vidyasagar Setu) যান চলাচল বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
রক্ষণাবেক্ষণের কারণে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকায়, ট্র্যাফিক পুলিশ বিশেষ বিকল্প রুট চালু করেছে। টার্ফ ভিউ (Turf View) এলাকা থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের (Hastings Crossing) দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, পশ্চিমমুখী গাড়িগুলি—যেগুলি কেপি রোড ও জিরাট আইল্যান্ড থেকে আসছে। সেগুলি ১১ ফার্লং গেট ঘুরে, তারপর সেন্ট জর্জ গেট রোড এবং স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করে যাতায়াত করছে।
এছাড়া, পূর্বমুখী গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে বাঁক নিয়ে একই পথে অর্থাৎ সেন্ট জর্জ গেট রোড এবং স্ট্র্যান্ড রোড ধরে নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছে।
সাধারণ মানুষের ক্ষোভও বাড়ছে। নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, “রবিবারই একমাত্র ছুটির দিন। এতদিন ধরে একই সময়ে সেতু বন্ধ থাকায় পরিকল্পনা করতেই সমস্যা হচ্ছে। কখনও চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট, কখনও আবার গুরুত্বপূর্ণ অফিসের কাজ—সবই বিঘ্নিত হচ্ছে।”
প্রশাসনের অবশ্য বক্তব্য, “সেতুর সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে এই মেরামতি অপরিহার্য। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সেতু খুলে দেওয়া হবে।”
এদিকে বিকল্প পথ হিসেবে হাওড়া ব্রিজ ব্যবহার করা যাবে। তবে তাতেও ভিড় আরও বাড়বে বলেই অনুমান। গত কয়েক সপ্তাহে হাওড়া ব্রিজে রবিবারের সকাল থেকেই দীর্ঘ যানজট দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ রুট—এক্সপ্রেসওয়ে, দামোদর সেতু, মল্লিকফতেপুর রুটেও চাপ বাড়বে।