
শেষ আপডেট: 30 July 2023 11:13
দ্য ওয়াল ব্যুরো: ধস-বন্যা-হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডে এবার নতুন বিপদ। বন্যার ভয়াবহতা খানিকটা স্তিমিত হওয়ার পর সদ্যই সেখানে খুলেছিল স্কুল। আর নতুন করে স্কুলে যেতে না যেতেই ছাত্রীদের মধ্যে নাকি গণ-হিস্টিরিয়ার লক্ষণ দেখা গেছে (Uttrakhand mass hysteria)! হাড়-হিম সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
স্থানীয়দের বক্তব্য, এটি ঐশ্বরিক শক্তির বহিঃপ্রকাশ। দেবতারা ক্রুদ্ধ হয়েছেন, তাঁদের রোষের আগুনে পুড়ছে ওই ছাত্রীরা, এমনটাই মনে করছেন এলাকাবাসী। যদিও মনোবিদরা জানিয়েছেন, সাম্প্রতিক ব্যাপক বন্যা এবং ধ্বংসের ঘটনায় ওই ছাত্রীদের মানসিক স্বাস্থ্য গভীরভাবে প্রভাবিত হয়েছিল। তাই ফলেই এই গণ হিস্টিরিয়ার ঘটনা দেখা গেছে। তাঁরা আরও জানিয়েছেন, মানসিক চাপ এবং উদ্বেগের কারণে অনেক সময় এমন ঘটনা ঘটে থাকে, যা একজনের মধ্যে থেকে অন্যজনের মধ্যে সংক্রামিত হয়। একেই বলে গণ হিস্টিরিয়া।
উত্তরকাশী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক আরসিএস পানওয়ার জানিয়েছেন, ঘটনার কারণ বোঝার জন্য ইতিমধ্যেই চিকিৎসকদের একটি দল ওই ছাত্রীদের সঙ্গে কথা বলেছে। কয়েকজন ছাত্রী জানিয়েছে, তারা নতুন বিল্ডিং নিয়ে দুঃস্বপ্ন দেখেছিল। তাই সেখানে প্রবেশ করতে ভয় পাচ্ছিল তারা। এ ব্যাপারে ইতিমধ্যেই একজন মনোবিজ্ঞানীকে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এই নতুন বিল্ডিংয়ে ঠিক একদিন আগেই আরও দুই ছাত্রী আচমকাই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল। প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হয় তাদের।
তবে এমন ঘটনা এই প্রথমবার নয়। ৬ মাস আগে চম্পাওয়াত জেলার গভর্নমেন্ট ইন্টার কলেজ রামাকে ৩৯ জন ছাত্রীকে একসঙ্গে ক্লাসের ভিতর চিৎকার করে কাঁদতে এবং ছুটে পালাতে দেখা গিয়েছিল। সেটিও একটি গণ হিস্টিরিয়ার ঘটনা ছিল বলে জানিয়েছিলেন মনোবিদরা।
হোস্টেল, পিজিতে থাকলে এবার ১২% জিএসটি দিতে হবে! পড়ুয়াদের খরচ বাড়ছে আরও