দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ২০২০ সালের ইউনিয়ন পাবলিক সিভিল সার্ভিস এক্সামিনেশনের (UPSC) ফল প্রকাশিত হল। শীর্ষস্থান পেয়েছেন শুভম কুমার নামে এক পরীক্ষার্থী। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন জাগৃতি আওয়াস্থি ও অঙ্কিতা জৈন। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৭৬১ জন। তাঁদের মধ্যে ৫৪৫ জন পুরুষ এবং ২১৬ জন মহিলা।
চলতি বছরে ইউপিএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে ইউপিএসসি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএসসির মতো নিরপেক্ষ সংস্থার উপর বিজেপি প্রভাব বিস্তার করছে বলেও দাবি করেছেন তিনি।
মমতা বলেন, ইউপিএসসিকে সবাই নিরপেক্ষ ভাবে। তাই আমরাও সম্মান করি। কিন্তু যে ধরনের প্রশ্ন ইউপিএসসি পরীক্ষায় দেওয়া হয়েছে তা নিন্দনীয়।
কী প্রশ্ন এসেছিল ইউপিএসসি পরীক্ষায়?
ইউপিএসসির সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের পরীক্ষায় রচনাধর্মী প্রশ্নে লিখতে দেওয়া হয়েছিল 'বাংলার ভোট সন্ত্রাস' নিয়ে ২০০ শব্দের প্রবন্ধ। প্রশ্ন এসেছিল, কৃষক আন্দোলন কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? এই বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়ে উত্তর লিখিত বলা হয়। এছাড়া প্রশ্ন এসেছে 'ভারতে রাজনীতিই লাভবান পারিবারিক ব্যবসা' কিনা তার পক্ষে বিপক্ষে যুক্তি নিয়েও। পরীক্ষার্থীদের লিখতে বলা হয়েছে দিল্লির অক্সিজেন সংকট নিয়েও।