রানিতলা থানার অন্তর্গত পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের প্রধানশিক্ষক ছিলেন হামিমুল। তাঁর বাড়ি ভগবানগোলার আলাইপুরে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 January 2026 16:42
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় ফের এক বুথ স্তরের আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR West Bengal) সংক্রান্ত কাজের প্রবল চাপেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন পেশায় শিক্ষক হামিমুল ইসলাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
রানিতলা থানার অন্তর্গত পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের প্রধানশিক্ষক ছিলেন হামিমুল। তাঁর বাড়ি ভগবানগোলার আলাইপুরে। শনিবার ওই স্কুলেরই একটি শ্রেণিকক্ষ থেকে প্রধানশিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামিমুল খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর বুথে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যান্য দিনের মতো শনিবার সকালেও তিনি স্কুলে গিয়েছিলেন। কিন্তু স্কুল ছুটি হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। খোঁজাখুঁজি চালিয়ে শেষে স্কুলে গিয়ে একটি ঘরের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে রানিতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা হামিমুলকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের দাদা ফরমানুল ইসলাম অভিযোগ করেছেন, “দীর্ঘ দিন ধরেই বিএলও হিসেবে কাজের চাপ নিয়ে ভাই খুব মানসিক অবসাদে ভুগছিল। স্কুলের দায়িত্বের পাশাপাশি এসআইআরের কাজের অতিরিক্ত চাপই ওকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। পরিবারের অভিযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।
এই ঘটনাকে নিয়ে রাজ্যে বিএলওদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল আটে। তাঁদের মধ্যে অন্তত পাঁচ জন আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগ, এসআইআরের কাজের অতিরিক্ত চাপই মৃত্যুর কারণ। একই অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদলও। শনিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা পঞ্চম চিঠিতে এই মৃত্যুর ঘটনাগুলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।