হুমায়ুন কবীরের মন্তব্যে ইতিমধ্যেই অস্বস্তিতে শাসক দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি সংবেদনশীল প্রসঙ্গকে কেন্দ্র করে এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে।

হুমায়ুন কবীর এবং উমা ভারতী
শেষ আপডেট: 24 November 2025 22:11
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (WB Polls 2026) আগে হঠাৎ করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হতে শুরু করেছে বাবরি মসজিদ (Babri Masjid) ইস্যুকে কেন্দ্র করে। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) জানিয়েছেন দলের (এখনও তিনি খাতায় কলমে তৃণমূলের বিধায়ক) ডাকা সম্প্রীতি দিবস নয়, তিনি ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের (Murshidabad) মাটিতে নতুন করে বাবরি মসজিদ তৈরির কাজ শুরু করবেন। তাঁর মন্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি নেত্রী উমা ভারতী (Uma Bharati)।
উমা ভারতীর দাবি, এমন মন্তব্য শুধু বিভাজন সৃষ্টির চেষ্টা নয়, দেশের সামাজিক সম্প্রীতিকে সরাসরি আঘাত। তাঁর কথায়, "এমন মসজিদ (Mosque) তৈরি করাই সম্ভব নয়, আর যদি কোনও ভাবে করা হয় তাহলে মমতার সরকারই ভেঙে পড়বে।"
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমি মনে করি যদি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সামান্যও বোধবুদ্ধিও দেখান, তাহলে এই ধরনের কাজ (বাবরি মসজিদ নির্মাণ) শুরুই হতে দেবেন না। এমন মন্তব্য করার পর তাঁর সরকারের পতন নিশ্চিত।' সরাসরি হুমায়ুন কবীরের নাম না করলেও বিজেপির এই নেত্রী বলেন, 'আশ্চর্য লাগে, এই দেশে এমন বিধায়ক-সাংসদ (MLA-MP) আছেন যারা দেশের ঐক্য আর শান্তি নষ্ট করতে চান।'
তিনি আরও কড়া সুরে বলেন, “যে মানুষরা এই ধরনের মন্তব্য করেন, তাঁদের দলেরই উচিত প্রথমেই এদের চুপ করানো। এমন মন্তব্য বরদাস্ত করা উচিত নয়। এদের কঠোর শাস্তি দেওয়া উচিত, যাতে কেউ আর দেশের সম্প্রীতি নষ্ট করার সাহস না পায়।'
হুমায়ুন কবীরের মন্তব্যে ইতিমধ্যেই অস্বস্তিতে শাসক দল (TMC)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি সংবেদনশীল প্রসঙ্গকে কেন্দ্র করে এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে। বিজেপি (BJP) সুযোগ নিয়ে শাসকদলকে আক্রমণ শানাচ্ছে, যদিও তৃণমূল হুমায়ুনের এই বক্তব্যকে সম্পূর্ণ ‘ব্যক্তিগত মত’ বলে জানিয়েছে।
বাবরি মসজিদের নাম উচ্চারণ মানেই যে দেশে এখনও আবেগ, রাজনীতি ও বিরোধের বিস্ফোরক মিশ্রণ সক্রিয় - এই বিতর্ক যেন আবারও তা প্রমাণ করল।