দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই শিবসেনা বিজেপিকে হুমকি দিয়ে বলেছিল, ৫০-৫০ ফরমুলায় রাজি না হলে তারা কংগ্রেস ও এনসিপি-র সমর্থনে সরকার গড়বে। শুক্রবার জানা গেল, বৃহস্পতিবার রাতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে এনসিপি নেতা শরদ পওয়ারের কথা হয়েছে। দুই দল থেকেই স্বীকার করা হয়েছে একথা। বিজেপির দীর্ঘদিনের মিত্র শিবসেনা এবার এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে কিনা, তা নিয়েই দুই নেতা আলোচনা করেছেন। একটি সূত্রে শোনা যাচ্ছে, উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ার দিল্লিতে গিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন।
বৃহস্পতিবার বিকালে শিবসেনার শীর্ষস্থানীয় নেতাদের অন্যতম সঞ্জয় রাউত শরদ পওয়ারের সঙ্গে দেখা করেছিলেন। শুক্রবার সকালে সঞ্জয় রাউত বলেন, "শিবসেনা যদি চায়, রাজ্যে সরকার গড়ার মতো বিধায়ক জোগাড় করা তার পক্ষে অসম্ভব হবে না। মহারাষ্ট্রের ভোটারদের সামনেই স্থির হয়েছিল, বিজেপি ও শিবসেনার জোট জিতলে ৫০-৫০ ফরমুলায় সরকার গঠন করা হবে। মানুষ চান, শিবসেনা থেকেই কেউ মুখ্যমন্ত্রী হোন।"
পরে তিনি টুইটে লেখেন, আমরা বিজেপিকে চরমপত্র দিতে চাই না। তাদের সব বড় নেতা রয়েছেন। অপর একটি টুইটে বিজেপির নাম না করে রাজ্যসভার এমপি সঞ্জয় রাউত লেখেন, সাহেব, অত অহংকারী হবেন না। সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গে সবই ধ্বংস হয়ে যায়। এমনকি আলেকজান্ডারের মতো সম্রাটও সময়ের সমুদ্রে তলিয়ে গিয়েছেন।
https://twitter.com/ANI/status/1190122547469094912
https://twitter.com/rautsanjay61/status/1190109687628386304
২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ১০৫ টি আসন পেয়েছে বিজেপি। শিবসেনা পেয়েছে ৫৬ টি আসন। সরকার গড়তে চাই ১৪৫ টি আসন। দুই দল মিলিয়ে গরিষ্ঠতা লাভ করার মতো সংখ্যা পেয়েছে। এনসিপি পেয়েছে ৫৪ টি আসন। কংগ্রেস পেয়েছে ৪৪ টি।