বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)। এদফায় তাঁর দুটি কর্মসূচি রয়েছে। একটি সরকারি অন্যটি দলীয়।

মোদী ও উদয়ন গুহ।
শেষ আপডেট: 28 May 2025 20:49
দ্য ওয়াল ব্যুরো: বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)। এদফায় তাঁর দুটি কর্মসূচি রয়েছে। একটি সরকারি অন্যটি দলীয়। মোদীর এই সফর ঘিরে ইতিমধ্যেই সরগরম বঙ্গ রাজনীতি।
তারই মধ্যে নাম না করে প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করার অভিযোগ উঠল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে (Udayan Guha)।
দিনহাটায় দলীয় এক কর্মসূচি থেকে উদয়ন বলেছেন, "কেউ কেউ আগে গরম চা বিক্রি করতেন, এখন সিঁদুর বিক্রি করার জন্য উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন।"
উদয়ন এও বলেন, "আমার বক্তব্য হচ্ছে, এই ভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা করবেন না।’
উদয়ন সরাসরি কারও নামোল্লেখ করেননি। তবে তিনি যেভাবে আলিপুরদুয়ার এবং অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে এনেছেন তাতে অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন। উদয়নের এমন মন্তব্য ঘিরে দলের অভ্যন্তরেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর'কে সমর্থন জানিয়েছে তৃণমূলও। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংসদের যে প্রতিনিধি দল গিয়েছে তাতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগেই পরিষ্কারভাবে জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রকে পূর্ণ সমর্থন করবে তৃণমূল।
অপারেশ সিঁদুর নিয়ে আলপটকা মন্তব্য করার জন্য দলের নেতা, কর্মীদের সর্তকও করেছিলেন দলনেত্রী। তারপরও এই ইস্যুতে উদয়নের মন্তব্য নিয়ে দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।