
শেষ আপডেট: 23 November 2023 16:53
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ক্ষ্যাপা হাতি, কুকুরের তাণ্ডবের ঘটনা আকছার সামনে আসতে থাকে। কিন্তু বীরভূমে শুরু হয়েছে তিনটি উন্মত্ত ঘোড়ার তাণ্ডব। অতিষ্ঠ হয়ে উঠেছেন সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা এলাকার বাসিন্দারা।
দিন দুয়েক আগেই ঘোড়ার লাথিতে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘোড়ার ‘চাটে’ আহত হন টোটো চালক। গুরুতর জখম ওই টোটো চালককে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এরপরেই প্রতিবাদে সিউড়ির পাথরচাপুড়ির রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। খবর পেয়ে গ্রামে যান প্রশাসনের আধিকারিকরা। তাঁরা গ্রামবাসীদের অসুবিধার কথা শোনেন। পরে ঘোড়াগুলিকে ধরার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ''এলাকায় দুদিন ধরে তিনটি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে এসেছে বুঝতে পারছি না। রাস্তায় কাউকে দেখলেই দুটি ঘোড়া হামলা করছে। এক ব্যক্তিকে আহত করে ঘোড়াগুলি। দিন দুয়েক আগেও এক ব্যক্তিকে লাথি মেরে গুরুতর জখম করে। আবার এদিন সকালে একই ঘটনা ঘটেছে। আমরা এতে ভয় পাচ্ছি। পুলিশ ব্যবস্থা না নিলে সবার বাড়ি থেকে বেরনো মুশকিল হয়ে পড়বে।''