নিখোঁজের খবর ছড়াতেই ভয় ঢুকে পড়েছে এলাকার অন্যান্য অভিভাবকদের মনেও। সন্তানদের স্কুলে পাঠানো নিয়েই দ্বিধা, উৎকণ্ঠা।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 27 November 2025 20:21
দ্য ওয়াল ব্যুরো: স্কুলে গিয়েছিল, কিন্তু আর বাড়ি ফেরেনি। সপ্তম শ্রেণির দুই ছাত্রীর রহস্যময় নিখোঁজে (Two girls missing) তীব্র চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় (Bishnupur)। সালপুকুর গাজি পাড়ার বাসিন্দা আরবী গাজি ও রূকসনা গাজি—দু’জনেই মাত্র ১৩ বছরের কিশোরী। মঙ্গলবার সকালে নিয়ম মতো স্কুলে গেলেও সন্ধ্যা নামার পরও তাঁদের দেখা না মেলায় উৎকণ্ঠায় ভেঙে পড়ে পরিবার।
প্রথমে আশপাশ চষে বেড়ানো, তারপর আত্মীয়ের বাড়ি—কোথাও দুই মেয়ের খোঁজ মিলল না। বাধ্য হয়ে বিষ্ণুপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে উদ্বেগ, কোথায় গেল মেয়েরা?
আতঙ্ক আরও বাড়িয়েছে সময়ের হিসেব। ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে, তবু দুই কিশোরীর সন্ধান মেলেনি। তাঁদের পরিবারের সন্দেহ, স্কুল থেকে ফেরার পথে কেউ কোনওভাবে তাঁদের তুলে নিয়ে যেতে পারে। পুলিশ নেমেছে তদন্তে, ছানবিন চলছে নরেন্দ্রপুর থানা এলাকা-সহ বিভিন্ন জায়গায়। কিন্তু এখনও সাফল্যের মুখ দেখেনি তদন্তকারীরা।
দুটি ছাত্রীই পড়াশোনা করে নরেন্দ্রপুর এলাকার বলরাম মন্মথনাথ বিদ্যামন্দিরে। নিখোঁজের খবর ছড়াতেই ভয় ঢুকে পড়েছে এলাকার অন্যান্য অভিভাবকদের মনেও। সন্তানদের স্কুলে পাঠানো নিয়েই দ্বিধা, উৎকণ্ঠা। পরিবার সূত্রে খবর—তাঁরা এবার সরাসরি লালবাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
চোখের জল সামলাতে সামলাতে আরবীর মা সাকিনা বিবি বললেন, “মঙ্গলবার স্কুলে গিয়েছিল। কিন্তু আর ফেরেনি। আমার জামাই অনেক খুঁজেছে, স্কুলে গিয়েও দেখেছে—ওরা নেই। আমাদের মনে হচ্ছে, ফেরার পথে কেউ ওদের ধরে নিয়ে গেছে। আমরা পুলিশে জানিয়েছি, দ্রুত খুঁজে পাক আমাদের মেয়েকে।”
পরিবারের অন্যান্য সদস্যদেরও একই দাবি—পুলিশ যেন দ্রুত কোনও হদিস বার করে। দু’টি কিশোরীর নিখোঁজ রহস্যে তাই এখন বিষ্ণুপুর জুড়ে একটাই প্রশ্ন—আরবী ও রূকসনা কোথায় গেল?