দ্য ওয়াল ব্যুরো: নিজের কোম্পানির নাম বদলের সিদ্ধান নিয়েছেন মার্ক জুকারবার্গ। এতদিনের ফেসবুক এখন হয়ে যাচ্ছে মেটা। খুব শিগগিরই এই বদলে যাওয়া নাম নিয়ে নতুন রূপে হাজির হবে ফেসবুক। আর ফেসবুকের এই বদলের খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ঠাট্টা তামাশা।
মেটা নিয়ে নানা ধরণের মিমে ভরে গেছে ফেসবুকের দেওয়াল। কম যায় না টুইটারও। সেখানেও নেটিজেনরা মজা করেছেন ফেসবুকের নতুন নাম নিয়ে। এমনকি খোদ টুইটারও ফেসবুককে ঠাট্টা করতে ছাড়েনি।
কীভাবে মেটা নিয়ে মজা করেছে টুইটার কর্তৃপক্ষ? শুক্রবার টুইটারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে মাত্র একটি লাইন, ‘বড় খবর, না না মজা করলাম, এখনও টুইটারই আছে’।
https://twitter.com/Twitter/status/1453847172794003473?s=20
অর্থাৎ ফেসবুকের মতো রাতারাতি টুইটারও যে নাম বদলে ফেলেনি, সে কথাই ঠাট্টার ছলে বলা হয়েছে এই টুইটে।
নতুন নামকরণের মাধ্যমে মেটাভার্স আনতে চায় মেটা, জানিয়েছেন জুকারবার্গ। সামাজিক ভাবে যাতে মানুষ আরও বেশি করে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই চেষ্টাই করবে মেটা। এর জন্য আগামী ৫ বছরে ১০ হাজার কর্মী নিয়োগ করবেন জুকারবার্গ।
ফেসবুক নাম থেকে এর আওতায় থাকা অন্যান্য অ্যাপ গুলি যথাযোগ্য গুরুত্ব পাচ্ছে না, তাই নাম বদলের এই সিদ্ধান্ত, জানিয়েছিলেন মার্ক জুকারবার্গ।