দুর্ঘটনার জেরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন রেল প্রশাসনের আধিকারিকরা। মৃত অবস্থায় উদ্ধার করা হয় ট্রাক চালককে।

দুর্ঘটনাগ্রস্ত ট্রাক
শেষ আপডেট: 8 July 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার খড়্গপুরের (Kharagpur) নিমপুরা এলাকায় জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা (Accident)। সোমবার গভীর রাতে রড বোঝাই একটি ট্রাক ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকচালকের (Truck Driver Death)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে খালাসিকে।
স্থানীয় সূত্রে খবর, নদিয়া থেকে রড বোঝাই করে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল ট্রাকটি। রাতের অন্ধকারে ৬ নম্বর জাতীয় সড়কে খড়্গপুরের নিমপুরা ফ্লাইওভার পার হওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারায় সেটি এবং ফ্লাইওভারের রেলিং ভেঙে পড়ে যায় রেললাইনের উপর। রেলের রিসেপশন ইয়ার্ডে পড়ে যাওয়ার ফলে ছিঁড়ে যায় ওভারহেড তারও।
এই দুর্ঘটনার জেরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন রেল প্রশাসনের আধিকারিকরা। মৃত অবস্থায় উদ্ধার করা হয় ট্রাক চালককে। গুরুতর আহত অবস্থায় খালাসিকে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য বন্ধ থাকে রেল চলাচল। রেলের তরফে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক অনুমান, প্রবল বৃষ্টির কারণে রাস্তায় চাকা পিছলে গিয়ে এবং দৃশ্যমানতা কম থাকায় ঘটেছে এই দুর্ঘটনা। ট্রাকের গতি বেশি ছিল কিনা, চালক মদ্যপ ছিলেন কিনা, সে সব দিকও খতিয়ে দেখা হচ্ছে।