ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই রাজ্য পুলিশের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তবে সাংসদের বাড়ির অনেক আগেই ব্যারিকেড করে দিয়েছে জগদ্দল থানার পুলিশ।

শেষ আপডেট: 17 December 2025 15:34
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর: সাংসদ পার্থ ভৌমিকের ডাকে অর্জুন সিংয়ের বাড়ির সামনে তৃণমূল কর্মীদের জমায়েত। অশান্তি রুখতে অর্জুন সিংয়ের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নেমেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও।
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ঘোষণা করেছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি ঘেরাও করবে জগদ্দলের বিধায়ক ও দলের কর্মী সমর্থকরা। এই কর্মসুচী ঘিরে সকাল থেকেই অর্জুন সিংয়ের বাড়ি মেঘনা মোড় চত্বরে টান টান উত্তেজনা সৃষ্টি হয়।
ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই রাজ্য পুলিশের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তবে সাংসদের বাড়ির অনেক আগেই ব্যারিকেড করে দিয়েছে জগদ্দল থানার পুলিশ। ব্যারাকপুরের প্রাক্তন সংসদ বর্তমানে কেন্দ্রীয় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। তাই তাঁর বাড়ি চত্বর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
তা সত্ত্বেও একদিকে তৃণমূল সমর্থকদের তোলা 'জয় বাংলা' স্লোগান অপরদিকে বিজেপি কর্মী সমর্থকদের জয় শ্রীরাম স্লোগান দিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মাঝখানে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই বাড়তি পুলিশ আগে থেকেই মোতায়েন রয়েছে গোটা এলাকায়।
গত রবিবার ইছাপুর লেলিননগর যে মাঠে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং সভা করেছিলেন সেই মাঠে মঙ্গলবার সভা করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। মঞ্চ থেকে অর্জুন সিংকে কড়া হুঁশিয়ারি দেন পার্থ ভৌমিক। বলেছিলেন, দলীয় কর্মীরা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গিয়ে জয় বাংলা স্লোগান দেবেন বুধবার দুপুর ১২ টায়। এই দায়িত্ব তিনি আবার দেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে। পাল্টা অর্জুন সিং বলেন, "কারও গায়ে হাত দিয়ে দেখুক!! কত ক্ষমতা দেখে নেব।"