দমদমের সাংসদ প্রকাশ্যেই সতর্ক করলেন কর্মীদের, “খেলা-মেলায় মেতে থাকলে রাজনৈতিক বোধ হারিয়ে যায়।” তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরমহলে শুরু হয়েছে তুমুল চর্চা।

সৌগত রায়
শেষ আপডেট: 11 October 2025 20:24
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে খেলা, মেলা, উৎসবের জোয়ারে তৃণমূল সরকারের (TMC) ভূমিকা নিয়ে এতদিন সমালোচনা করত বিরোধীরা (Sougata Roy Viral Video)। কিন্তু এবার সেই প্রশ্নই তুললেন দলেরই প্রবীণ নেতা ও সাংসদ সৌগত রায় (Sougata Roy)। দমদমের সাংসদ প্রকাশ্যেই সতর্ক করলেন কর্মীদের, “খেলা-মেলায় মেতে থাকলে রাজনৈতিক বোধ হারিয়ে যায়।” তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরমহলে শুরু হয়েছে তুমুল চর্চা।
বরানগরে তৃণমূলের বিজয়া সম্মিলনী (Bijaya Sammilani) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায় ও বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক। সেখানেই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন সৌগতবাবু। তিনি বলেন, “আমি অপর্ণার একটা কাজকে খুবই সমর্থন করি। ও বরানগর উৎসব বন্ধ করে দিয়েছে, এটা দারুণ সিদ্ধান্ত। গান-বাজনা আমিও ভালবাসি, কিন্তু যখন একটা দল শুধুই খেলা-মেলায় ডুবে যায়, তখন তার রাজনৈতিক চেতনা হারিয়ে যায়। ছ’মাস পর নির্বাচন, এখন লক্ষ্য একটাই, জয়। উৎসবের মোহে রাজনীতি ভুলে গেলে চলবে না।”
এরপর দলের একাংশের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, “তৃণমূল কোনও সাধারণ দল নয়, এটা সংগ্রামী ও শহিদদের দল। ১৯৯৩ সালে ১৩ জন ছেলেকে হারিয়েছিলাম, নিজে হাতে মর্গ থেকে দেহ তুলেছিলাম। নন্দীগ্রামেও ১৪ জন প্রাণ দিয়েছিল। আজ যারা ক্ষমতায় থেকে দল করছে, তারা কি মনে রাখছে সেই শহিদদের কথা? না ভাবছে এখন সুযোগ, যা পারি নিয়ে নিই? দলের পবিত্রতা বজায় রাখা জরুরি।”
সৌগত রায়ের এই মন্তব্যে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে সমর্থন জানান। অপর্ণা মৌলিকও তাঁর বক্তব্যে সায় দেন। তবে এই বক্তব্য ঘিরে দলেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতে, সাংসদের মন্তব্যে স্পষ্ট বার্তা উৎসবের মোহে ডুবে না গিয়ে রাজনীতিতে মন দিতে হবে। অন্যদিকে, বিরোধীদের দাবি সৌগত রায় আসলে সরকারের উৎসবনির্ভর রাজনীতিরই সমালোচনা করেছেন।