জিজ্ঞাসাবাদের জন্য আরশাদ খান ও মহম্মদ শাহরুখকে আটক করে পুলিশ। ওই ফ্ল্যাটে তাদের নিত্য যাতায়াত ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

টিটাগড়ে বিস্ফোরণস্থল
শেষ আপডেট: 19 May 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে। তাদের নাম আরশাদ খান ও মহম্মদ শাহরুখ।
সোমবার ভোরে টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দ আবাসনের একটি বন্ধ ফ্ল্যাটে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল খসে পড়ে। পাশের বাড়ির চাল উড়ে যায়। আশেপাশের তিন চারটি ঘর ভেঙে যায়। বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা। পরে জানা যায় ওই ফ্ল্যাটটি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মণ্ডলের ওরফে রিয়াজুদ্দিনের।
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরশাদ খান ও মহম্মদ শাহরুখকে আটক করে পুলিশ। ওই ফ্ল্যাটে তাদের নিত্য যাতায়াত ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের জিজ্ঞাসাবাদ করেই ডেকে পাঠানো হয় টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলকে। বিকেলে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কাউন্সিলর আরমান মণ্ডল সকালে জানিয়েছিলেন, কীভাবে তাঁর ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটল তা জানা নেই তাঁর। ওই ফ্ল্যাট ফাঁকাই পড়ে থাকত। সেখানে কীভাবে বিস্ফোরণ ঘটল তা নিয়ে অন্ধকারে তিনিও। কেউ চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। এদিকে ওই আবাসনের প্রোমোটার অনিল গুপ্তা দাবি করেন, ওই ফ্ল্যাটটি কাউন্সিলর রিয়াজউদ্দিন তার থেকে জোর করে নিয়ে নেয়। তিনি বলেন, "ভোটের সময় দুয়েকদিনের জন্য নিচ্ছে বলে জানিয়েছিল ওই কাউন্সিলর। কিন্তু পরে আর কিছুতেই চাবি ফেরত দেয়নি সে। ওই ফ্ল্যাট এখন রিয়াজউদ্দিনের।"