দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়ি ও লরিটিকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

দুর্ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 20 June 2025 11:24
দ্য ওয়াল ব্যুরো: পুরুলিয়ার বলরামপুরে পথ দুর্ঘটনা। মৃত্যু হল একই পরিবারের নয় জনের। শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ বলরামপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল এলাকায় একটি লরির সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা যায়, এই নয় জনের প্রত্যেকেই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন।
স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ডের ইচাগড় থানার পাতকুম চিরুগড়া এলাকা থেকে পুরুলিয়ার বরাবাজার থানার আদাবনা গ্রামে একটি বিয়ে বাড়িতে এসেছিল বোলেরো গাড়িটি। সেখান থেকে ফেরার সময়ই নামশোল প্রাইমারি স্কুলের কাছে মুখোমুখি ধাক্কা লাগে লরির সঙ্গে। সংঘর্ষ এতটাই জোরাল ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত অবস্থায় বোলেরোর যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৯ জনকেই মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন বৃহস্পতি মাহাত, গুরুপদ মাহাত, শশাঙ্কর মাহাত, বিজয় মাহাত, অজয় মাহাত, কৃষ্ণা মাহাত, স্বপন মাহাত। সকলের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকার তিলায়টাঁড় গ্রামে। আরও দু'জন চন্দ্রমোহন মাহাত, বাড়ি নিমডি থানা এলাকার রঘুনাথপুর গ্রামে ও চিত্তরঞ্জন মাহাত, বাড়ি নিমডি থানার মুড়ু গ্রামে।
এদিকে দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়ি ও লরিটিকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।