সেতু ভেঙে পড়ায় রাস্তার দু’দিকে আটকে পড়ে একাধিক বাস ও লরি। দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। গেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

শেষ আপডেট: 11 October 2025 16:51
অবরুদ্ধ দিঘা–নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক। শনিবার দুপুর ১টা নাগাদ মারিশদা থানা সংলগ্ন এলাকায় হঠাৎ করেই ভেঙে পড়ে একটি কালভার্ট। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দিঘাগামী পর্যটকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ফাটল ধরেছিল কালভার্টটিতে। সকালের দিকে সেই ফাটল আরও চওড়া হয়। দুপুর নাগাদ কালভার্টটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নালার উপর। ফলে রাস্তার দু’দিকে আটকে পড়ে একাধিক বাস ও লরি। দীর্ঘ যানজট সৃষ্টি হয় এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
সপ্তাহান্তে দিঘায় যান বহু পর্যটক। শনিবার হওয়ায় সকাল থেকেই দিঘার পথে পর্যটকদের গাড়ির ঢল। মারিশদা সংলগ্ন লোকাল বোর এলাকায় থমকে যায় সেই সমস্ত গাড়ি। মুহূর্তের মধ্যে যানজট তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত ওই রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং বিকল্প পথের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
এসডিপিও দিবাকর দাস জানান, কালভার্ট ভাঙার পর থেকেই যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। শুক্রবার রাতে কালভার্টে ফাটল ধরার খবর পেয়েই আধিকারিকরা এসেছিলেন। আজ কাজ শুরু হওয়ার পর ধাপে ধাপে কালভার্টটি ভেঙে যায়। তিনি বলেন, "বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলাচলের ব্য়বস্থা হচ্ছে। আশা করছি রাতের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে। দিঘা পৌঁছতে পারবেন পর্যটকরা।"